নিউজ ডেস্ক : বাংলাদেশে ছয় মাস কারাভোগের পর বৈশাখী কাণ্ডারী (১৫) নামে এক ভারতীয় কিশোরীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে গতকাল বৃহস্পতিবার রাতে ভারতের কাছে হস্তান্তর করেছে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ। ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে অনুষ্ঠানিকভাবে গ্রহণ করে। বৈশাখী কাণ্ডারী ভারতের উত্তর ২৪ পরগনার গুসবা থানার জতিরামপুর গ্রামের মৃত অরুণ কাণ্ডারীর মেয়ে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি ইকবাল হোসেন জানান, এনজিও সংস্থা বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির কর্মকর্তারা ভারতে ফেরত দেওয়ার জন্য কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বেনাপোল ইমিগ্রেশনে নিয়ে আসেন। মহিলা আইনজীবী সমিতির যশোর শাখার কর্মকর্তা নুরুন্নাহার বলেন, “ওই কিশোরী প্রেমের টানে ছয় মাস আগে সীমান্তপথে অবৈধভাবে বাংলাদেশে এসে এক বাংলাদেশি যুবককে বিয়ে করেন। পরে মেয়েটির মায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তাকে বরিশাল শহর থেকে উদ্ধার করে। পরে ছয় মাস কারাভোগের পর মেয়েটির অবিভাবকরা মেয়েকে ফিরে পাওয়ার জন্য বাংলাদেশ সরকারের কাছে আবেদন করেন। এরপর দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের হস্তক্ষেপে তাকে গতরাতে ভারতে ফেরত পাঠানো হয়। অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তার বিয়ের বৈধতা হয়নি।

Be the first to comment on "বাংলাদেশে কারাভোগের পর ভারতীয় কিশোরীকে হস্তান্তর"