নিউজ ডেস্ক : ২০২০ সালের মধ্যে জাতীয় বাজেটের এক-পঞ্চমাংশ শিশুদের জন্য বরাদ্দের আহ্বান জানিয়েছে ইউনিসেফ। বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে অর্থ বিভাগ (অর্থ মন্ত্রণালয়) ও ইউনিসেফের আয়োজনে শিশুদের বাজেট পাঠ সহায়িকা শীর্ষক পুস্তিকার প্রকাশনা অনুষ্ঠানে এ আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে পুস্তিকাটির উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
এ সময় অর্থমন্ত্রী বলেন, শিশু বাজেটে কী থাকবে, সে সুপারিশ তোমরা (শিশুরা) দিলে আমরা তা বিবেচনা করে দেখব, তবে তোমাদের সুপারিশগুলো সব বাজেটে থাকবে তা কথা দিতে পারছি না। কিন্তু আমরা যেন বুঝতে পারি বাজেটে তোমাদের জন্য আরো কী প্রয়োজন, কী করলে তোমাদের আরো ভালো হতে পারে।
অনুষ্ঠানে ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি অ্যাডওয়ার্ড বেগবেদার বলেন, শিশুদের জন্য পর্যাপ্ত ও সমতাভিত্তিক সম্পদ বরাদ্দ এবং তার কার্যকরী ব্যবহারে জাতীয় বাজেট একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। শিশুরা উন্নয়নের মূল চালিকাশক্তি। শিশুদের একটি সুন্দর জীবনের সূচনা দিতে তাদের পেছনে বিনিয়োগের চেয়ে ফলপ্রসূ ও কার্যকরী আর কোনো বিনিয়োগ নেই।

Be the first to comment on "বাজেটের এক-পঞ্চমাংশ শিশুদের জন্য বরাদ্দের আহ্বান"