নিউজ ডেস্ক : বিমান থেকে নেমেই তাজ দর্শন। খুব শিগগির এই স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে। আগ্রায় আন্তর্জাতিক বিমান বন্দর গড়ার উদ্যোগ নিচ্ছে অখিলেশ যাদবের সরকার। আগামী বছর বিধানসভার ভোট উত্তরপ্রদেশে। তার আগেই কাজ সেরে ফেলতে চায় সরকার। আগ্রায় বায়ুসেনার নিয়ন্ত্রণে একটি বিমানবন্দর রয়েছে। সেটিকে ঘষে মেজে বাড়িয়ে আন্তর্জাতিক বিমানবন্দরের রূপ দেয়ার কথা ভাবা হয়েছে। তার জন্য আরও ১৫০ একর জমি নেয়া হবে। ইতিমধ্যেই ৩৫০ জন জমির মালিকের সঙ্গে কথা হয়েছে। তাই জমি অধিগ্রহণ নিয়ে সমস্যা হবে না। আশা, আগামী এক মাসের মধ্যেই জমি মিলবে। বিমানবন্দর সম্প্রসারণের জন্য বিধানসভায় শিগগিরই একটি বিল পাস হবে। জানা গেছে, রানওয়ে তৈরি করতেই শুধু খরচ পড়বে ১০০ কোটি টাকা। গোটা প্রকল্পটির তদারকির দায়িত্বে থাকবে বায়ুসেনা। তাজমহল দেখতে ফি বছর প্রায় ৬৫ লাখ ভারতীয় ও ৭ লাখ বিদেশি ভিড় জমান। পর্যটকদের, বিশেষত বিদেশিদের নামতে হয় দিল্লি বিমানবন্দরে। তারপর আরও ২০০ কিলোমিটার পথ পেরোতে হয়। এ অবস্থায় আগ্রায় বিমানবন্দরের দাবিটি পুরনো। পর্যটকদের কথা ভেবেই এই উদ্যোগ, বলছেন জেলা কর্মকর্তারা। তবে ভোটের কথাটা এক্ষেত্রে বিশেষভাবে মাথায় রাখা হয়েছে। ২০১৭ সালের মার্চ মাসের মধ্যে প্রকল্পটি শেষ করতে উৎসাহী তারা।
সূত্র: আজকাল
বিমান থেকে নেমেই তাজমহল!

Be the first to comment on "বিমান থেকে নেমেই তাজমহল!"