শিরোনাম

ভারতকে রুখে দেওয়ার প্রত্যয় তাসকিনের

নিউজ ডেস্ক : ভারত অনেক শক্তিশালী দল কিন্তু মাঠের লড়াইয়ে একচুলও ছাড় দিতে রাজি নন বাংলাদেশের তরুণ স্পিডস্টার তাসকিন আহমেদ। ভারত কিংবা পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের খেলা হলে এমনিতেই দুই দেশের বাগযুদ্ধ শুরু হয়ে যায়। এবার ভারতে প্রথমবার টেস্ট সফরে গিয়েও তার ব্যতিক্রম হয়নি। খেলা মাঠে গড়ানোর আগেই চলছে কথার লড়াই। সেই সূত্র ধরে তাসকিনকে নিয়ে এমন একটি সংবাদ প্রকাশ করেছে ভারতের একটি পত্রিকা।

এর আগে শুভাশিস কিংবা কামরুল ইসলামরা ভারত অধিনায়ক বিরাট কোহলির উইকেট নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। এবার একই প্রত্যয় শোনা গেল এই তরুণ তুর্কীর কাছে। তিনিও কোহলির উইকেট চান। স্কোয়াডে থাকা তিন পেসারেরই লক্ষ্য এক। দেখা যাক, কার ভাগ্যে জোটে ক্রিকেট বিশ্বের এই সময়ের ভয়ংকরতম ব্যাটসম্যানটির উইকেট।

তাসকিন নিজেও সম্ভাব্য এই ডুয়েলের কথা স্বীকার করে নিলেন, “বিরাট কোহলিকে বল করা আমাদের কাছে দারুণ এক চ্যালেঞ্জ হতে চলেছে। তবে কোনো এক ব্যক্তি নয়। গোটা ভারতীয় দল নিয়েই ভাবছি। ”

এরপরই চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তাসকিন বলেন, “ভারত অনেক বড় দল হতে পারে, তবে মাঠের প্রতিদ্বন্দ্বিতায় কোনো ছাড় দেওয়া হবে না। ”

তবে কাটার মাস্টার মুস্তাফিজকে মিস করবে দল বলে জানান তাসকিন। মুস্তাফিজের অনুপস্থিতিতে পেস আক্রমণের দায়িত্ব অনেকটাই তাসকিনের ওপরই থাকবে। সেই চ্যালেঞ্জ নিয়ে নিজেকে প্রমাণ করতে প্রস্তুত এই পেসার। এর আগে তখনকার ভারত অধিনায়কের কাটা মুণ্ডু তাসকিনের হাতে ধরিয়ে দিয়ে একটি ফটোশপ করা ছবি কিছু বিকৃতমনস্ক ব্যক্তি ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছিল। এই ঘটনাটি দুই দেশের মিডিয়া এবং বেশ কিছু আন্তর্জাতিক মিডিয়ায় তুমুল সমালোচিত হয়। তখন থেকেই তাসকিনের প্রতি ভারতীয় মিডিয়ার আগ্রহ বেশি।

basic-bank

Be the first to comment on "ভারতকে রুখে দেওয়ার প্রত্যয় তাসকিনের"

Leave a comment

Your email address will not be published.


*