শিরোনাম

ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের দাবি আইভী ও সাখাওয়াতের

নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে (নাসিক) প্রধান দুই দলের প্রর্থীরা ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত ও সব প্রার্থীর জন্য সমান সুযোগ দাবি করেছেন। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে প্রধান দুই দলের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী ও সাখাওয়াত হোসেন খান এই দাবি জানান।

বৈঠকে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বলেন, আমাদের (প্রার্থীদের) দায়িত্ব মানুষকে অভয় দিয়ে কেন্দ্রে নিয়ে যাওয়া। জাতীয় নির্বাচনের মতো একে অন্যের বিরুদ্ধে অভিযোগ না করে ভোটারদের মন জয় করতে আমাদের কাজ করা উচিত। তিনি আরও বলেন, আমার লাখ লাখ মানুষই আমার শক্তি। আমি কোনো বিশেষ সুবিধা নেই না, আর নেবও না। আমি অনেক চাপের মুখে থেকে নির্বাচন করছি। জনরায়ে আমি বিজয়ী হব।
বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খান বলেন, সারাদেশের মানুষের আগ্রহের কেন্দ্র এই নির্বাচন। আগের কোনো নির্বাচন মানুষ ভালোভাবে নেয়নি। আর তাই নির্বাচন কমিশন তাদের দুর্নাম ঘুচিয়ে মানুষকে ভোট দিতে যাওয়ার পরিবেশ তৈরি করে দেবেন বলে আমি আশা করি। তিনি আরও বলেন, এখনো নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়েছে বলে আমরা মনে করি না। বিভিন্ন সন্ত্রাসীদের কারণে নারায়ণগঞ্জ আলোচিত। কিন্তু এখনো এসব সন্ত্রাসীদের গ্রেফতারে কোনো অভিযান পরিচালিত হয়নি। এমনকি অবৈধ অস্ত্রও উদ্ধার করা হয়নি। নির্বাচনের ফলাফল পাওয়া পর্যন্ত কমিশন ও প্রশাসনের নিরপেক্ষতা প্রত্যাশা করি। সেনা মোতায়নের প্রত্যাশা করি কারণ নির্বাচন নিরপেক্ষ করতে সেনাবাহিনীর প্রয়োজন রয়েছে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ৭ প্রার্থীকে নিয়ে এই বৈঠকের আয়োজন করে নির্বাচন কমিশন। নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রাব্বী মিয়ার সভাপতিত্বে এই বৈঠকে প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী। জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের মুফতি মাসুম বিল্লাহ, ইসলামী ঐক্যজোটের এজহারুল ইসলাম, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মাহাবুবুর রহমান ইসমাইল, এলডিপির কামাল প্রধান ও কল্যাণ পার্টির রাশেদ ফেরদাউস।

basic-bank

Be the first to comment on "ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের দাবি আইভী ও সাখাওয়াতের"

Leave a comment

Your email address will not be published.


*