নিউজ ডেস্ক : ইন্টারনেটের বদৌলতে ইতিমধ্যেই চেনা মুখ হয়ে উঠেছেন ভারতের মণিপুরের বিশেষ হুইরেম। আগামী নভেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে চলা মিস ইন্টারন্যাশনাল কুইন প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন এই রূপান্তরকামী ভারতীয় মডেল। কিন্তু তার আগেই চরম দুর্ভোগে পড়লেন তিনি।
সপ্তাহ খানেক আগের ঘটনা। বন্ধুর সঙ্গে ইম্ফলের এক স্থানীয় থিয়েটারে পারফর্ম করতে গিয়েছিলেন হুইরেম। কিন্তু তার আগেই মন্ত্রীর নিরাপত্তারক্ষীদের হাতে মার খেতে হল তাকে। হুইরেমের অভিযোগ, মণিপুরের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী মোইরাংথেম ওকেন্দ্রর সামনেই তার নিরাপত্তারক্ষীরা মারধর করে তাকে ও তার বন্ধুকে। অথচ মন্ত্রী নির্বাক দর্শক হয়েই ঘটনাটি দেখলেন। গোটা ঘটনার জন্য মন্ত্রীকে ক্ষমা চাইতে হবে বলে দাবি তুলেছেন তিনি।
এদিকে হুইরেমের আনা অভিযোগ উড়িয়ে দিয়ে নিরাপত্তারক্ষীদের দাবি, বিশেষ মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন এবং রাস্তার মাঝখানে গাড়ি নিয়ে দাঁড়িয়ে পড়েছিলেন। গাড়ি কিছুতেই ঘোরাতে পারছিলেন না। ফলে পিছনে মন্ত্রীর গাড়ি আটকে যায়। আর ঠিক সেই কারণেই একজন নিরাপত্তারক্ষী হুইরেমকে সাহায্য করতে এগিয়ে যান।
নিরাপত্তারক্ষীদের ব্যাখ্যাকে ভিত্তিহীন বলে হুইরেম পাল্টা জবাব দিয়েছেন। তিনি মোটেও মদ্যপান করেননি বলে দাবি করেছেন। আসন্ন মডেলিং প্রতিযোগিতার জন্য তিনি হরমোন থেরাপি করাচ্ছেন। যার ফলে খাওয়া-দাওয়ার বাছবিচার মেনে চলতে হচ্ছে তাকে। লবণ ও তেল খাওয়া নিষেধ তার। তাই তার মদ্যপ অবস্থায় থাকার কোন প্রশ্নই ওঠে না বলে প্রশ্ন তুলেছেন ভারতীয় মিডিয়া।
শুক্রবার মন্ত্রীর ক্ষমা চাওয়ার দাবিতে সরব হয়ে মণিপুরি মডেল সাফ জানিয়ে দেন, আগামী এক সপ্তাহের মধ্যে মন্ত্রী ক্ষমা না চাইলে তিনি হেইরক এলাকার কোন ছবি, থিয়েটার ও সঙ্গীতের অনুষ্ঠানে অংশ নেবেন না। এমন অবস্থায় ওকেন্দ্র কী সিদ্ধান্ত নেন সেটাই দেখার।

Be the first to comment on "মডেলকে মারধরের অভিযোগ"