নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত যুক্তকরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট বলেছেন, দানবীর রণদা প্রসাদ সাহার কুমুদিনী হাসপাতালসহ সকল সেবা প্রতিষ্ঠানগুলো রত্মখচিত প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানগুলো অসাধারণ কাজ করে যাচ্ছে। সন্তানের প্রতি মায়ের যে দায়িত্ব সেই রকম দায়িত্ব নিয়েই এখান থেকে সেবা কাজ চালানো হচ্ছে। আজ মঙ্গলবার মির্জাপুরে কুমুদিনী হাসপাতালের সেবাকার্যক্রম পরিদর্শন কালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, মা এখান থেকে শিক্ষা নিয়েছেন সন্তানও এখান থেকে শিক্ষা নিচ্ছে। এখানকার শিক্ষকরাও একই ভাবে শিক্ষা দিচ্ছেন বলে তিনি তার বক্তব্যে উল্লেখ করেন।
সকাল ৯ টার দিকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের প্রধান গেটে নামেন। এ সময় কুমুদিনী ওয়েল ফেয়ার টাস্ট অব বেঙ্গল (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাজিব প্রসাদ সাহা, উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আব্দুল হালিম, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. দুলাল চন্দ্র পোদ্দার ও বিশিষ্ট শিক্ষাবিদ ভাষাসৈনিক প্রতিভা মুৎসুদ্দি তাকে স্বাগত জানান। এ সময় রাষ্ট্রদূত বি.পি পতি হলে নিরাপদ অস্ত্রোপচার সম্পর্কিত এক সেমিনারে যোগ দেন। সেখানে রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এছাড়াও সেমিনারে রাজীব প্রসাদ সাহা, ডা. আব্দুল হালিম. ডা. দুলাল চন্দ্র পোদ্দার, ইউএসএআইডি’র মিশন ডাইরেক্টর যানিনা জালেষ্টি, কুমুদিনী নার্সিং স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল রিনা ক্রুস প্রমুখ বক্তব্য রাখেন। পরে রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট কুমুদিনী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন শেষে ভারতেশ্বরী হোমসের মেয়েদের মনোজ্ঞ ডিসপ্লে উপভোগ করেন।

Be the first to comment on "মার্সিয়া বার্নিকাটের কুমুদিনী হাসপাতাল পরিদর্শন"