নিউজ ডেস্ক: যেখানে-সেখানে শিল্পপ্রতিষ্ঠান গড়ে না তুলে নির্দিষ্ট জায়গায় শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আয়োজিত এক অনুষ্ঠানে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী। শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগোতে নিহত শ্রমিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
তিনি বলেন, যেখানে যেমন শিল্পের কাঁচামাল উৎপাদন হয়, সেখানে সে ধরনের শিল্পকারখানা গড়ে তোলার জন্য সরকার কাজ করে যাচ্ছে। শিল্প-কারখানা নিয়ে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকের মূল্যই তার সরকারের কাছে সবচেয়ে বড়। তাদের হাতে দেশের অর্থনীতি সচল থাকে। তাদের কারণেই দেশ উন্নত হয়।
মে দিবসের তাৎপর্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এক সময় আমেরিকায় কোনো শ্রমিক অধিকারের অস্তিত্ব ছিল না। তখন সেই আমেরিকার শিকাগো শহরে বুকের রক্তের বিনিময়ে সেই অধিকার আদায় করতে হয়। যারা ১৮৮৬ সালের ১ মে শ্রমিকের অধিকার আদায়ে শহীদ হন তাদের স্মরণ করেন প্রধানমন্ত্রী।
তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা স্মরণ করেন এই বলে যে, তার সকল আন্দোলনে, সকল উদ্যোগেই ছিল শ্রমিকের স্বার্থ। তিনিই প্রথম পহেলা মে শ্রমিক দিবস হিসেবে পালন শুরু করেন।
তার সরকারও বঙ্গবন্ধুর পদাঙ্ক অনুসরণ করে এগিয়ে চলেছে বলে জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ’৭৫ এ জাতির পিতাকে হত্যার পর অনেক শিল্প কারখানা বন্ধ করা হয় লাভজনক নয় এই কথা বলে। কিন্তু মাথা কেটে ফেলা সমাধান নয়। আমরা মনে করি, কারখানা খোলা রেখেই দেশের উন্নয়ন হবে।
শ্রমিক তার শ্রম দিয়ে আমাদের দেশ বাঁচিয়ে রাখে। তার শ্রম দিয়ে যে উৎপাদন হয় তাতেই অর্থনীতি সচল থাকে। যাদের ত্যাগের বিনিময়ে এই অর্জন তাদের মূল্য আমাদের কাছে অনেক বেশি।

Be the first to comment on "যেখানে-সেখানে শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলবেন না : প্রধানমন্ত্রী"