শিরোনাম

রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে ভিড়, উচ্ছ্বাস

নিউজ ডেস্ক : ঈদের তৃতীয় দিন রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় জমিয়েছে দর্শনার্থীরা। চিড়িয়াখানা, বিমানবাহিনীর জাদুঘর, শিশু পার্কসহ বিভিন্ন স্থানে ছোট-বড় সব শ্রেণির উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ঈদুল আজহার দিন পশু কোরবানির কারণে অনেকের ব্যস্ততা ছিল। এ কারণে বড়রা ছোটদের তেমন সময় দিতে পারেননি। গতকাল বুধবার অনেকেই রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে ঘুরতে বেরিয়েছেন। এতে এদিন বিকেলে চিড়িয়াখানা, শিশু পার্ক, রমনাপার্ক, বিমানবাহিনীর জাদুঘর, শিশুমেলাসহ অন্যান্য বিনোদন কেন্দ্রে মানুষের ভিড় ছিল। বাংলাদেশ বিমানবাহিনীর গৌরবময় ঐতিহ্যের ইতিহাস, সাফল্য ও উন্নয়নের ক্রমবিকাশকে সংরক্ষণ করা হয়েছে বাংলাদেশ বিমানবাহিনী জাদুঘরে।
২০১৪ সালের ২৮ সেপ্টেম্বর রাজধানীর আগারগাঁওয়ে স্থাপিত জাদুঘরটিতে মোট ১৯টি বিমান ও তিনটি রাডার রয়েছে। বিমানবাহিনীর জাদুঘরে গতকাল বিকেলে গিয়ে দেখা যায়, হাজার হাজার মানুষ টিকেট কেটে প্রবেশের অপেক্ষায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন। এঁদের মধ্যে শিশু ও তরুণ-তরুণীর সংখ্যাই বেশি। এদিকে চিড়িয়াখানায় গতকাল সকাল থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীর ভিড় ছিল। আজ সকাল থেকেও ভিড় দেখা যায়। বিভিন্ন প্রাণী দেখে শিশুদের আনন্দ যেন ধরে না। উচ্ছ্বাস প্রকাশ করেন অভিভাবকরাও।
এ ছাড়া রাজধানীর শ্যামলীতে শিশুমেলা সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকে। এখানে আছে ২২টি রাইড। আরো আছে গেমস ও ফুড কর্নার। শিশুমেলায়ও আজ দর্শনার্থীর ভালো উপস্থিতি দেখা গেছে। অপরদিকে রাজধানীর অদূরে ফ্যান্টাসি কিংডম, নন্দন পার্কসহ সব বিনোদন কেন্দ্রে লোকজনের সমাগম লক্ষ করা গেছে। ঈদের উৎসবে রাজধানীর বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানো সবার চোখে-মুখে দেখা গেছে উচ্ছলতা ও আনন্দ।

basic-bank

Be the first to comment on "রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে ভিড়, উচ্ছ্বাস"

Leave a comment

Your email address will not be published.


*