শিরোনাম

লিটন হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারে তল্লাশি অভিযান

নিউজ ডেস্ক : সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাবেক সাংসদ ও জাতীয় পার্টি নেতা কর্নেল (অব.) ডা. আবদুল কাদের খানের বাড়ির পুকুরে অভিযানে নেমেছে পুলিশ ও দমকল বাহিনী। এ হত্যা মামলায় গ্রেপ্তার তিনজনের দেওয়া তথ্যে বুধবার দুপুর ১২টার দিকে কাদের খানের সুন্দরগঞ্জ উপজেলার ছাপরহাটি ইউনিয়নের পশ্চিম ছাপরহাটি (খাঁনপাড়া) গ্রামের বাড়ির পুকুরে অভিযান শুরু হয়।

সুন্দরগঞ্জ থানার এসআই ইজার আলী এতথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রংপুর ও গাইবান্ধার সাতজন ডুবুরি লিটন হত্যায় ব্যবহৃত অস্ত্রের সন্ধানে কাদের খানের বাড়ির পুকুরে নেমে তল্লাশি করেছেন। এখন সেখানে পানি সেচের ব্যবস্থা করা হচ্ছে। এসআই জানান, ওই পুকুরে লিটন হত্যায় ব্যবহার হওয়া অস্ত্র ছাড়াও আরও অস্ত্র আছে বলে তাদের কাছে তথ্য আছে। এর আগে লিটন হত্যা মামলায় কাদের খানের গাড়িচালক আবদুল হান্নান, দুই গৃহকর্মী শাহিন মিয়া ও মেহেদী হাসানকে গ্রেফতার করে পুলিশ। তাদের দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতেই সাবেক এমপি কাদের খানকে মঙ্গলবার গ্রেফতার করা হয়।

সুন্দরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, এমপি লিটন হত্যার ঘটনায় গ্রেপ্তার তিনজনের স্বীকারোক্তিতে বুধবার কাদের খানের বাড়ির পুকুরে অভিযানে নেমেছে পুলিশ। সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় আবদুল কাদের খানকে বগুড়া শহরের রহমাননগর জিলাদারপাড়ায় তার ক্লিনিক কাম বাসভবন থেকে মঙ্গলবার বিকেল ৫টার দিকে গ্রেপ্তার করা হয়। গত ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত থেকে বগুড়ায় তার ক্লিনিক কাম বাসভবনে কার্যত ‘গৃহবন্দি’ ছিলেন কাদের খান। জাতীয় পার্টির সাবেক ভাইস চেয়ারম্যান কাদের খান ২০০৮ সালে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে ওই দলের টিকিটে সাংসদ নির্বাচিত হয়েছিলেন।

basic-bank

Be the first to comment on "লিটন হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারে তল্লাশি অভিযান"

Leave a comment

Your email address will not be published.


*