নিউজ ডেস্ক : শুধু অধিনায়ক হিসেবে মাঠে থেকেও যে একটি দলকে শিরোপা জেতানো যায় তার আদর্শ উদাহরণ মাশরাফি বিন মুর্তজা। বিপিএলের গেল আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে চ্যাম্পিয়ন করেছেন। আসরের শেষ দিকে ইনজুরির সমস্যায় সেভাবে বোলিং করা হযনি। কিন্তু মাঠে থেকে ঠিকই দারুণ নেতৃত্বে চ্যাম্পিয়ন করেছেন দলকে। মাশরাফির দলের এবারের টার্গেট বাড়িয়ে নেওয়া শক্তির জোরে শিরোপা ধরে রাখা। ৪ নভেম্বর শুরু হচ্ছে এবারের বিপিএল। আসরের প্রথম ম্যাচ দিয়েই মাঠে নামছে কুমিল্লা।
এই দলটির পেছনে আছেন বিসিবির সাবেক সভাপতি, আইসিসির সাবেক প্রেসিডেন্ট আ হ ম মোস্তফা কামাল। প্রাজ্ঞ রাজনীতিবিদ শুধু নন, অভিজ্ঞ ক্রিকেট সংগঠক তিনি। তার মেয়ে নাফিসা কামাল এই দলের মূল পরিচালনায়। অনূর্ধ্ব-১৯ দলের কোচ মিজানুর রহমান বাবুল প্রধান কোচ। দলের উপদেষ্টা সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। দলের পেছনে বড় শক্তি আছে।
কুমিল্লা দলে এবারও অল রাউন্ডারদের দাপট। গত বছর শিরোপা জেতাত প্রধান ভূমিকা পালন করা ইমরুল কায়েস, লিটন কুমার দাস, আশার জাইদি ও নুয়ান কুলাসেকারা আছে। এবার দলের শক্তি বেড়েছে পাকিস্তানের ইমাদ ওয়াসিম, সোহেল তানভির, আফগানিস্তানের রশিদ খান, দেশের মোহাম্মদ সাইফুদ্দিন ও নাবিল সামাদের অন্তর্ভূক্তিতে। রশিদের লেগ স্পিনকে দারুণ ভাবে কাজে লাগাতে চাইবেন মাশরাফি। গত বছর ম্রিয়মান লিটনের ব্যাটে এবার শুরু থেকে রান চাইবেন। মানসিকতা বদলে বোলারদের শুরু থেকে আক্রমণ করা ইমরুল কায়েসের আছে ইংল্যান্ডের বিপক্ষে দুই সেঞ্চুরিসহ দারুণ পারফরম্যান্সের তাজা স্মৃতি।
সফল বিদেশিদের সাথে দেশিয় প্রতিভাদের নিয়ে মাশরাফি ও কুমিল্লার লড়াই। গতবার ইনজুরি সমস্যা ছিল। এবার বিপিএলের পর ব্যস্ত আন্তর্জাতিক সূচি। মাশরাফিকে হয়তো নিজের ব্যাপারে আরো ভাবতে হবে। গত মৌসুমে তরুণ পেসার আবু হায়দার কুমিল্লার হয়ে ঝড় তুলেছিলেন। ইয়র্কারের মাত করেছিলেন। আসরের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার উঠেছিল তার হাতে। কিন্তু কুমিল্লা তাকে ধরে না রাখায় আবু হায়দার বরিশালে গেছেন। তবে তরুণ ব্যাটসম্যান আল আমিনের দিকে নজর রাখা যেতে পারে। গেল ঢাকা লিগে বেশ কয়েকটি ফিফটি করেছেন। স্পিনে দারুণ। কিন্তু পেসে কিছুটা সমস্যা আছে। সফল হতে হলে পেসেও ভালো খেলতে হবে তাকে।

Be the first to comment on "শিরোপা ধরে রাখার লড়াই মাশরাফিদের"