শিরোনাম

সংক্ষিপ্ত সময়ের জন্য অস্ট্রেলিয়ার বোলিং কোচ হ্যারিস

নিউজ ডেস্ক : সংক্ষিপ্ত সময়ের জন্য অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন রায়ান হ্যারিস। আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ানডে সিরিজে সাবেক ফাস্ট বোলার হ্যারিসকে দলের বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। প্রধান কোচ ড্যারেন লেহম্যান ও সহকারী কোচ ডেভিড সাকেরের সঙ্গে দলের কোচিং স্টাফ হিসেবে যোগ দেবেন হ্যারিস।

ইনজুরির কারণে ২০১৫ সালের জুলাই মাসে ক্রিকেটকে বিদায় জানানো হ্যারিস বর্তমানে অস্ট্রেলিয়ার ন্যাশনাল হাই পারফরমেন্সে দলের সহকারী কোচের দায়িত্বও পালন করছেন।

নিয়োগ পাওয়ার পর হ্যারিস বলেন, “ডেভিড সাকের এবং ড্যারেন লেহম্যানের কাছ থেকে শিখতে পারা দারুন এক অভিজ্ঞতা। তাদের সঙ্গে বসতে, দেখতে এবং শেখার জন্য আমি মুখিয়ে আছি। একই সঙ্গে কোন এক দিন অস্ট্রেলিয়ার স্থায়ী কোচ হিসেবে নিয়োগ পেতে আমি সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করব। খেলার মত কোচিংয়ের বিষয়েও অনেক কিছুই শিখতে হয়।”

ইনজুরিগ্রস্ত ক্যারিয়ারে হ্যারিস অস্ট্রেলিয়ার হয়ে ২৭ টেস্টে ১১৩ এবং ২১ ওয়ানডে ম্যাচে ৪৪ উইকেট শিকার করেন।

হ্যারিসকে কোচিং স্টাফে নিয়োগ দানকে স্বাগত জানিয়েছেন লেহম্যান। তিনি বলেন, ‘বোর্ডে রায়ানকে পেয়ে আমি দারুন এক্সাইটেড।’

আগামী ২৭ সেপ্টেম্বর শুরু হওয়া দক্ষিণ আফ্রিকা সফরে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। এ সময়ে আয়ারল্যান্ডের বিপক্ষেও একটি ওয়ানডে ম্যাচ খেলার কথা রয়েছে অজিদের।

basic-bank

Be the first to comment on "সংক্ষিপ্ত সময়ের জন্য অস্ট্রেলিয়ার বোলিং কোচ হ্যারিস"

Leave a comment

Your email address will not be published.


*