শিরোনাম

সাকিবের ব্যাটে বড় সংগ্রহ ঢাকার

নিউজ ডেস্ক : অধিনায়ক সাকিব আল হাসানের দারুণ ব্যাটিংয়ে ভর করে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সামনে ১৭০ রানের টার্গেট দিয়েছে ঢাকা ডায়নামাইটস। এর আগে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বিপিএলের দিনের প্রথম খেলায় টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ঢাকা।

ব্যাট করতে নেমে দুই ওপেনার মেহেদী মারুফ এবং সাঙ্গাকারা মিলে ভালো এগোচ্ছিলেন। দলীয় ৩৮ রানে নাবিল সামাদের বলে উইকেট কিপার লিটন দাসের গ্লাভসবন্দি হয়ে বিদায় নেন মেহেদী মারুফ। তিনি ১৭ বলে ৩টি চার এবং ১টি ছক্কায় করেছেন ২২ রান। এরপর সাঙ্গাকারা সাথে জুটি বাঁধেন অপর লঙ্কান গ্রেট মাহেলা জয়াবর্ধনে। দুজন মিলে দ্বিতীয় উইকেটে ৪৫ রানের জুটি গড়েন। ব্যক্তিগত ৩৩ রানে রশিদ খানের বলে বোল্ড হয়ে যান সাঙ্গাকারা। ২৮ বলের ইনিংসটিতে তিনি ৪টি বাউন্ডারি হাঁকিয়েছেন।

সাঙ্গার বিদায়ের পর জয়াবর্ধনের সঙ্গে জুটি বাঁধেন অধিনায়ক সাকিব আল হাসান। তবে জয়াবর্ধনেকে বেশিক্ষণ সঙ্গী হিসেবে পাননি সাকিব। ২৭ বলে ৪ বাউন্ডারিতে ৩১ রান করে রশিদ খানের দ্বিতীয় শিকার হন তিনি। চতুর্থ উইকেটে ৪৬ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন অধিনায়ক সাকিব এবং তরুণ মোসাদ্দেক হোসেন। ১৮ বলে ২ চার এবং ১ ছক্কায় ২৫ রান করে সোহেল তানভীরের বলে লিটন দাসের হাতে ধরা পড়েন তিনি।

তবে ব্যাট চালিয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন সাকিব আল হাসান। তার সঙ্গী হন হার্ডহিটার সেকুজে প্রসন্ন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৭০ রান সংগ্রহ করে ঢাকা ডায়নামাইটস। সাকিব ২৫ বলে ৪ বাউন্ডারি এবং ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৯ রানে অপরাজিত থাকেন। ১ চার এবং ১ ছক্কায় সেকুজে প্রসন্ন করেন ১১ রান।

basic-bank

Be the first to comment on "সাকিবের ব্যাটে বড় সংগ্রহ ঢাকার"

Leave a comment

Your email address will not be published.


*