শিরোনাম

সিটিসেলের তরঙ্গ বরাদ্দ বন্ধের সিদ্ধান্ত আপীলেও বহাল

নিউজ ডেস্ক : তরঙ্গ বন্ধের আদেশ স্থগিতের জন্য দেশের প্রথম মোবাইল অপারেটর সিটিসেলের আবেদন ৩১ অক্টোবর শুনবে আপীল বিভাগ। অবকাশকালীন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী মঙ্গলবার এই দিন ঠিক করে দেন।

সরকারের পাওনা পৌনে পাঁচশ কোটি টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় গত জুলাই মাসে সিটিসেলের কার্যক্রম বন্ধ করার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বিটিআরসি)। পরের মাসে তাদের নোটিস দেওয়া হয়েছিল।

ওই নোটিসের পর সিটিসেল আদালতে গেলে আপীল বিভাগ টাকা পরিশোধ সাপেক্ষে কার্যক্রম চালিয়ে যেতে সিটিসেলকে দুই মাস সময় দেয়। গত ২৯ অগাস্ট আদালতের ওই আদেশ হয়।

বিটিআরসির আইনজীবী খন্দকার রেজা-ই-রাকিব সেদিন সাংবাদিকদের বলেছিলেন, ১৭ অগাস্টের আগ পর্যন্ত সিটিসেলের কাছে বিটিআরসির পাওনা ৪৭৭ কোটি টাকা দুই দফায় পরিশোধ করতে হবে। তাছাড়া ১৭ অগাস্টের পর থেকে প্রতিদিন বিটিআরসি আরও ১৮ লাখ টাকা করে পাওনা হচ্ছে। প্রতিদিনের এই টাকা অবিলম্বে পরিশোধের নির্দেশ দিয়ে আদালত বলেছে, টাকা না পেলে বিটিআরসি যে কোনো পদক্ষেপ নিতে পারবে।

এরপর গত ২০ অক্টোবর সিটিসেলের তরঙ্গ স্থগিত করে বিটিআরসি। ওইদিন সন্ধ্যায় বিটিআরসির কর্মকর্তারা র‌্যাব-পুলিশ নিয়ে মহাখালীতে সিটিসেলের প্রধান কার্যালয়ে ঢুকে বন্ধের নির্দেশনা বাস্তবায়ন করেন। তরঙ্গ বন্ধের ওই আদেশের বিরুদ্ধে সোমবার চেম্বার আদালতে আবেদন নিয়ে আসেন সিটিসেলের আইনজীবীরা।

মঙ্গলবার চেম্বার আদালতে সিটিসেলের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শফিক আহমেদ ও এ এম আমিন উদ্দিন। সঙ্গে ছিলেন ব্যারিস্টার মাহবুব শফিক। তাদের বক্তব্য শুনে বিচারক বিষয়টি শুনানির জন্য আপীল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। বিটিআরসির  পক্ষে ছিলেন ব্যারিস্টার খন্দকার রেজা-ই-রাকিব।

basic-bank

Be the first to comment on "সিটিসেলের তরঙ্গ বরাদ্দ বন্ধের সিদ্ধান্ত আপীলেও বহাল"

Leave a comment

Your email address will not be published.


*