নিউজ ডেস্ক:ইংল্যান্ড-পাকিস্তান টেস্ট সিরিজের তৃতীয় টেস্টে ১২০ বছরের এক রেকর্ড ভেঙে দিয়েছেন পাকিস্তানের লেগ স্পিনার ইয়াসির শাহ। লর্ডসের প্রথম টেস্টে ১০ উইকেট পেয়ে টেস্ট র্যাংকিংয়ের শীর্ষে উঠলেও পরের টেস্টেই শীর্ষস্থান হারিয়ে পাঁচে নেমে যান ইয়াসির। কিন্তু তৃতীয় টেস্টে রেকর্ডই করে ফেলেন তিনি।
এজবাস্টন টেস্ট শুরু করার আগে ইয়াসির খেলেছেন ১৪টি টেস্ট। এই ১৪ টেস্টে তার উইকেট সংখ্যা ছিল ৮৭টি। এজবাস্টনে ইংল্যান্ডের প্রথম ইনিংসে ইয়াসির নেন এক উইকেট। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের পরা পাঁচ উইকেটের দুটিই তিনি পেয়েছেন। শনিবার চতুর্থ দিনে তার শিকারে পরিণত হয়েছেন জেমস ভিন্স ও গ্যারি ব্যালান্স। ব্যালান্সের উইকেটটি নেওয়ার সাথে সাথে ৩০ বছর বয়সি এই লেগ স্পিনার ভেঙে দিয়েছেন ১২০ বছরের এক রেকর্ড।
১৫ টেস্টে ইয়াসিরের উইকেট এখন ৯০। টেস্ট ইতিহাসে কোনো বোলারই ক্যারিয়ারের প্রথম ১৫ টেস্টে এর চেয়ে বেশি উইকেট পাননি। ১৫ টেস্টে সর্বোচ্চ ৮৯ উইকেট শিকারের রেকর্ড ছিল ইংল্যান্ডের জর্জ লোম্যানের।
লোম্যান ১৮৮৬ থেকে ১৮৯৬ সাল পর্যন্ত ১৮ টেস্টের ক্যারিয়ারে ১১২ উইকেট নিয়েছিলেন। ইংলিশ এই পেসার প্রথম ১৫ টেস্টে নিয়েছিলেন ৮৯ উইকেট। লোম্যান ১৮৯৬ সালে পোর্ট এলিজাবেথ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছিলেন নিজের ১৫তম টেস্ট ম্যাচটি। কাকতালীয় বিষয় হল, ১৫তম ম্যাচে তিনি নিয়েছিলেন ঠিক ১৫ উইকেট!
ইয়াসির ১৫ টেস্টে ৯০ উইকেট নিয়ে লোম্যানের ১২০ বছরের অক্ষত রেকর্ডটি ভেঙে দিলেন। এর আগে প্রথম ১৩ টেস্টে সর্বোচ্চ ৮৬ উইকেট নেওয়ার রেকর্ডও গড়েন ইয়াসির। শুধু এই রেকর্ডই নয়, ইয়াসিরের সামনে লোম্যানের আরেকটি শতবর্ষী রেকর্ড ভাঙার সুযোগও ছিল।
তবে সে রেকর্ড ভাঙতে ইয়াসিরকে দারুন কিছু করে দেখাতে হবে। টেস্টে দ্রুততম ১০০ উইকেট শিকারের রেকর্ডও লোম্যানের। ১৬ টেস্টে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছিলেন লোম্যান।

Be the first to comment on "১২০ বছরের রেকর্ড ভেঙে শীর্ষে ইয়াসির শাহ"