শিরোনাম

অশ্বিনের ব্যাটে ভারতের রক্ষা

নিউজ ডেস্ক:টেস্টে তার তিনটি সেঞ্চুরি আছে। তিনটিই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এর শেষটি ক্যারিবিয়ানদের মাটিতে চলমান টেস্ট সিরিজের প্রথম ম্যাচে। বলা হচ্ছে রবিচন্দ্রন অশ্বিনের কথা। এবারের সফরে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও জেনুইন ব্যাটসম্যানের মতোই তিনি। এবার গ্রস আইলেটে তৃতীয় টেস্টে তার ব্যাটেই রক্ষা পেল ভারত। ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টেস্টের প্রথম দিনে ৭৫ রানের হার না মানা ইনিংস খেলেছেন অশ্বিন। সেঞ্চুরির সুবাস পাচ্ছেন। আর তার দল ভারতের সংগ্রহ ৫ উইকেটে ২৩৪ রান।

অভিষেক টেস্ট খেলতে নেমেছেন জেনুইন ফাস্ট বোলার আলজারি জোসেফ। এই বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্যারিবিয়ানদের জেতানোয় বড় ভূমিকা ছিল তার। ১৯ বছরের এই পেসার তোপ দেগেছেন। টেস্ট ক্রিকেটে তার প্রথম শিকার বলার মতো। বিরাট কোহলি। ইনফর্ম ভারত অধিনায়ককে মাত্র ৩ রানে ফিরিয়ে দেওয়া সহজ কথা না। রোহিত শর্মাও (৯) জোসেফের শিকার। শ্যানন গ্যাব্রিয়েল ও শেষ টেস্টের হিরো রোস্টন চেজ একটি করে উইকেট নিলেন। তাতে ৮৭ রানে ৪ উইকেট হারিয়ে বিপদের মুখে ভারত।

ভারত যে বেশ নিরাপদেই দিনটা এরপর শেষ করতে পেরেছে তার পেছনে অশ্বিন। লোকেশ রাহুল ৫০ রান করেছেন। আজিঙ্কা রাহানে ধসের মুখে অশ্বিনের সাথে পঞ্চম উইকেটে ৩৯ রানের জুটি গড়েছেন। রাহানে ৩৫ রান করে চেজের দ্বিতীয় শিকার। দিনের বাকি ৪০.৩ ওভার ঋদ্ধিমান সাহা ও অশ্বিনের। সাহা ৪৬ রানে অপরাজিত। ষষ্ঠ উইকেটে অশ্বিনের সাথে তার দারুণ মূল্যবান ১০৮ রানের অবিচ্ছিন্ন জুটি। দুজনই খুব ধৈর্য্য নিয়ে হতাশ করে গেছেন ক্যারিবিয়ান বোলারদের। ইনিংসের মোড় ঘুরিয়েছেন সতর্ক ব্যাটিংয়ে। অশ্বিন খেলেছেন ১৯০ বল। ১২২ বল খেলেছেন সাহা। দুজনই মাত্র ৪টি করে বাউন্ডারি মেরেছেন।

 

basic-bank

Be the first to comment on "অশ্বিনের ব্যাটে ভারতের রক্ষা"

Leave a comment

Your email address will not be published.


*