শিরোনাম

পপির উপর খেপেছেন নির্মাতা

নিউজ ডেস্ক: চিত্রনায়িকা পপি অভিনীত ‘পৌষ মাসের পিরিত’ ছবিটি নানা ঝামেলা চুকিয়ে আগামী ২ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে। সে কারণে বুধবার (২৪ আগস্ট) সন্ধ্যায় ছবির নির্মাতা নারগিস আকতার রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। ছবির নির্মাতা-কলাকুশলী প্রায় সবাই সেখানে উপস্থিত থাকলেও পপি আসেননি। সে কারণে তার ওপর ভীষণ খেপেছেন নির্মাতা নারগিস আকতার।

তিনি বলেন, ‘পৌষ মাসের পিরিত’ ছবিতে পপি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে (মাজু) অভিনয় করেছে। কিন্তু সংবাদ সম্মেলনে সে যে কেন এলো না সেটি আমার জানা নেই। আমি কয়েক দফায় তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হয়েছি।’

নারগিস আকতার বলেন, ‘পপির ব্যবহৃত তিনটি মুঠোফোন নাম্বার আমার কাছে আছে। কিন্তু সব ক’টি নাম্বারই বন্ধ। অনেক চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ করতে পারিনি। উপায় না পেয়ে আমার সহকারীকে পরপর তিনদিন তার বাসায় পাঠাই। কিন্তু একদিনও পপিকে বাসায় পাওয়া যায়নি। বরং তার বাসায় তালা ঝুলতে দেখেছে আমার সহকারী। পপির কাছ থেকে এমনটা আশা করিনি।’

খেপে গিয়ে নারগিস আকতার আরো বলেন, ‘পপির ছবি মুক্তি পাচ্ছে অথচ সে সংবাদ সম্মেলনে উপস্থিত নেই। এটা ভাবতে আমারই খুব লজ্জা লাগছে। ছবির আরেক অভিনেতা টনি ডায়েস সুদূর আমেরিকা থেকে স্কাইপিতে বসে সংবাদ সম্মেলনে সবার সঙ্গে মতবিনিময় করলো, ছবিতে কাজের অভিজ্ঞতা শেয়ার করলো, কিন্তু পপি এলো না। অন্তত সে একটাবার খোঁজ নিতে পারতো! কিন্তু তাও করেনি। আমি খুব ভালো করেই জানি পপি ইচ্ছে করেই সংবাদ সম্মেলনে হাজির হয়নি। তাছাড়া সে একাধিকবার ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া একজন অভিনেত্রী হয়ে এমন দায়িত্বহীন কাজটা কীভাবে করলো? এটা কোনো পেশাদার সিনিয়র শিল্পীর আচারণ হতে পারে না।’

যোগ করে মেঘের কোলে রোদ ছবির এই নির্মাতা বলেন, ‘পপির নামে অনেক অভিযোগ আমার কানে এসেছে। তার একজন ঘনিষ্ঠজন আমাকে এও বলেছে যে, পপি নাকি চলচ্চিত্রে কাজ করা ছেড়ে দিয়েছে। কিন্তু আমি সেটা বিশ্বাস করিনি। তার এমন আচারণে এখন তো মনেই হচ্ছে সে চলচ্চিত্র ছেড়ে দিয়েছে!’

উল্লেখ্য, পপি দীর্ঘদিন ধরেই বড়পর্দায় অনুপস্থিত। তার অভিনীত সর্বশেষ ছবি প্রয়াত নির্মাতা আবদুল্লাহ আল মামুনের ‘দুই বেয়াইয়ের কীর্তি’ মুক্তি পায় গেল বছরের ২৯ মে। এরপর পপি কাজ করছিলেন ‘সোনা বন্ধু’ শিরোনামের একটি ছবিতে। কিন্তু নানা কারণে সে ছবির শুটিং বন্ধ হয়ে যায়। এরপর গেল ফেব্রুয়ারিতে জসিম উদ্দিন পরিচালিত ‘আমেরিকান ড্রিমস’ ছবিতে কাজের জন্য চুক্তিবদ্ধ হলেও ছবির শুটিংয়ের আগে পপি নিরুদ্দেশ হয়ে যান। এতে চরম বিপাকে পড়েন ছবির নির্মাতা জসিম। এরপর বড়পর্দায় আর নতুন কোনো খবরে নেই পপির। তবে মাঝে মাঝে দু-একটি বিজ্ঞাপন এবং বিশেষ দিবসের নাটকে দেখা যায় পপিকে।

basic-bank

Be the first to comment on "পপির উপর খেপেছেন নির্মাতা"

Leave a comment

Your email address will not be published.


*