শিরোনাম

ভেজালবিরোধী অভিযানে ৪৫ হাজার টাকা জরিমানা

নিউজ ডেস্ক: নগরীর ইপিজেড ও বন্দর থানার প্রি-পোর্ট ও কলসি দীঘির পাড় এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত অভিযানে তিন প্রতিষ্ঠানকে ভোক্তা স্বার্থবিরোধী অপরাধের দায়ে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক বিকাশ চন্দ্র দাস ও নগর পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে বন্দর থানার ঈশান মিস্ত্রির হাট এলাকার পিংকি আইসবারকে অননুমোদিত ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করা ও অত্যন্ত নোংরা পরিবেশে আইসবার তৈরির দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, অভিযানের সময় পিংকি আইসবার ফ্যাক্টরিতে অত্যন্ত নোংরা পরিবেশে খালি গায়ে খোলা হাতে কর্মীরা কাজ করতে দেখা গেছে। কর্মীদের পায়ের ও হাতের ময়লা এবং ডায়েস রাখার পাত্রের ময়লার পানি আইসবারে মিশে একাকার হয়ে যাচ্ছে। এছাড়া ক্ষতিকর রং, কেমিক্যাল এবং অপরিশোধিত দূষিত পানি ব্যবহার করা হচ্ছিল।

তিনি জানান, প্রি-পোর্ট, ইপিজেড এলাকায় আলী শাহ্ বেকারিকে অত্যন্ত নোংরা পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, অননুমোদিত ক্ষতিকর কেমিক্যাল ও রং ব্যবহার করা এবং মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদ, ওজন ও সর্বোচ্চ খুচরা মূল্য মুদ্রিত না থাকার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকায় হোটেল ফারুকিয়া রেস্টুরেন্ট অ্যান্ড বিরিয়ানি হাউসকে নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরির অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ, ভেজাল ও নিরাপদ খাদ্যের নিশ্চয়তায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে বলে জানান মোহাম্মদ ফয়েজ উল্যাহ।

basic-bank

Be the first to comment on "ভেজালবিরোধী অভিযানে ৪৫ হাজার টাকা জরিমানা"

Leave a comment

Your email address will not be published.


*