ক্রীড়া ডেস্ক : ভিনদেশে থাকায় পহেলা বৈশাখের আনন্দটা এবার করা হলো না। বরাবরের মতো সাতক্ষীরায় পরিবারের সদস্য ও বন্ধুদের নিয়ে বৈশাখী উৎসবে মেতে উঠা হয়নি। এই কষ্ট বাদ দিলে ভারতের হায়দ্রাবাদে বেশ খোশ মেজাজেই রয়েছেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের এই তরুণ পেস তারকা বেশ উৎসাহ নিয়েই ট্রেন্ট বোল্ট, শেখর ধাওয়ানদের সঙ্গে বিলিয়ার্ডও খেলছেন। তবে মুস্তাফিজের দল হায়দ্রাবাদের টিম ম্যানেজমেন্ট ও অধিনায়ক ডেভিড ওয়ার্নার এই মুহূর্তে ঠিক ততটা খুশি মনে নেই। কারণ, দলের নির্ভরযোগ্য ও অভিজ্ঞ পেসার আশিষ নেহরা ইনজুরির কারণে মাঠের বাইরে ছিটকে পড়েছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সামনের বেশ কয়েকটি ম্যাচেই নেহরার সেবা থেকে বঞ্চিত হতে হচ্ছে হায়দ্রাবাদকে। আর সেই অভাব পূরণ করতে গিয়ে মুস্তাফিজের কাঁধেই চাপছে বাড়তি দায়িত্ব।
আগামী শনিবার (১৬ এপ্রিল) এবারের আইপিএল নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে সানরাইজার্স হায়দ্রাবাদ। এর আগে গত মঙ্গলবার রাতে প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে ৪৫ রান হেরেছিল হায়দ্রাবাদ। ওই ম্যাচেই বল করতে গিয়ে গ্রোয়েন ইনজুরিতে পড়ে মাঠ ছেড়েছিলেন নেহরা। পরবর্তীতে দলটির অস্ট্রেলিয়ান অধিনায়ক ওয়ার্নার জানিয়েছেন, বেশ কিছু ম্যাচ মাঠের বাইরে থাকতে হবে নেহরাকে।
এদিকে, নেহারার অনুপস্থিতি মানে মুস্তাফিজের কাঁধে বাড়তি দায়িত্ব; ওই ম্যাচেই তা প্রমাণ হয়ে গিয়েছিল। ম্যাচে শেষ অব্দি ডেথ ওভারের বোলিংয়ে অভিষিক্ত মুস্তাফিজের ওপরই ভরসা রেখেছিল হায়দ্রাবাদ। মুস্তাফিজ অবশ্য সেই ভরসার প্রতিদানও দিয়েছেন যোগ্য পারফরমেন্সে। হায়দ্রাবাদের বোলারদের বেধড়ক পিটিয়ে ২২৭ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছিল বিরাট কোহলি-ক্রিস গেইল-এবি ডি ভিলিয়ার্স-শেন ওয়াটসনদের দল বেঙ্গালুরু। তবে মুস্তাফিজের বিপক্ষে সুবিধা করতে পারেননি তারা। ৪ ওভার বল করে মাত্র ২৬ রান দিয়ে দুটি গুরুত্বপূর্ণ উইকেটও নিয়েছিলেন বাংলাদেশের ‘কাটার মাস্টার’ মুস্তাফিজ। উইকেট দুটি ছিল ভিলিয়ার্স ও ওয়াটসনের।
আইপিএল অভিষেক ম্যাচেই ওমন পারফরম্যান্স মুস্তাফিজের ওপর হায়দ্রাবাদী প্রত্যাশার চাপও বাড়িয়ে দিয়েছে। কেননা, দলটির বোলিং লাইনে ট্রেন্ট বোল্ট, ভুবনেশ্বর কুমার, ময়সেস হেনরির মতো পেসাররা থাকলেও ডেথ ওভারে (ম্যাচের শেষ ২-৩টি ওভার) ভালো বল করার মতো বোলারের অভাব রয়েছে। নেহরা এক্ষেত্রে ছিলেন বিশেষজ্ঞ। আর বয়স কম হলেও মুস্তাফিজ তা বেশ ভালোই করতে পারেন। শেষ ওভারগুলোতে বেপোরোয়া হয়ে উঠা ব্যাটসম্যানদের বেশ ভালোই সামলাতে পারেন তিনি। সন্দেহ নেই নেহরা যতদিন মাঠে না ফিরছেন ততদিন মুস্তাফিজকেই ওই ‘ডেথ ওভার’ দায়িত্বটা পালন করতে হবে হায়দ্রাবাদের জার্সিতে।
এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে রহস্যজনক বোলারটিই হচ্ছেন মুস্তাফিজ। তার স্লোয়ার কাটারের (এক বিশেষ ধরনের বল) রহস্য ভেদ করতে না পেরে নাকাল হতে হচ্ছে বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানদেরও। মূলত সেই কারণেই এবারের আইপিএল মুস্তাফিজকে ১ কোটি ৪০ লাখ ভারতীয় রূপিতে কিনে নিয়েছে হায়দ্রবাদ। বল হাতে প্রতিপক্ষের উইকেট তুলে নিয়ে দলকে সাফল্য দেওয়াই কাটার মাস্টারের দায়িত্ব। কিন্তু নেহরার ইনজুরি মুস্তাফিজের তরুণ কাঁথে আরেকটু বাড়তি দায়িত্ব চাপিয়ে দিয়েছে।
অবশ্য মস্তাফিজের ওপর অগাধ ভরসা হায়দ্রাবাদের অধিনায়ক ওয়ার্নারের। তিনি বলেছেন, ‘সে (মুস্তাফিজ) অসম্ভব প্রতিভাবান এক বোলার। সে আমাদের বোলিংয়ের বড় শক্তি।’

Be the first to comment on "মুস্তাফিজের দায়িত্ব বাড়িয়ে দিলেন নেহরা"