নিউজ ডেস্ক : রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের (রামেক) ইন্টার্ন চিকিৎসকরা তাদের কর্মবিরতি সাময়িকভাবে প্রত্যাহার করেছে। রবিবার দুপুর আড়াইটা থেকে তারা কাজে যোগদান করেছেন। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে আলোচনা হয়েছে। আগামী তিনদিনের মধ্যে আসামীদের গ্রেফতার করার শর্তে কর্মবিরতি প্রত্যাহারের কথা জানিয়েছেন তারা। দুপুর আড়াইটা থেকে তারা কাজে যোগদান করেছেন।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্নী চিকিৎসক পরিষদের সভাপতি আল আমিন এইচ সরকার জানান, তারা হাসপাতাল পরিচালকের সঙ্গে দেখা করে তিন দিনের জন্য কর্মবিরতি প্রত্যাহারের বিষয়টি জানিয়েছেন। তবে এই তিনদিনের মধ্যে তাদের পাঁচদফা দাবি পুরণ না হলে আগামী ২১ এপ্রিল থেকে হাসপাতালে লাগাতার কর্মবিরতি চলবে বলেও জানান তিনি। তাদের পাঁচদফা দাবিগুলোর অন্যতম হলো, চিকিৎসকের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামীদের গ্রেফতার ও চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা। এদিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে (রামেক) ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি চলাকালে দুই দিনে অন্তত ৩০ রোগীর মারা গেছেন। তবে রোগীর মৃত্যুর সংখ্যাকে স্বাভাবিক বলে মনে করছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, গত শুক্রবার রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মহানগর শ্রমিক লীগের সহসভাপতি মোশাররফ হোসেন খানের মৃত্যু হলে নিহতের স্বজনরা ইন্টার্ন চিকিৎসকদের উপর চড়াও হন। এ নিয়ে রোগীর স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষ হয়। এ ঘটনার প্রতিবাদে কর্মবিরতিতে যান ইন্টার্ন চিকিৎসকরা। বিষয়টি নিয়ে শনিবার দুপুর ১২টা থেকে ৩টা পযন্ত হাসপাতলের পরিচালকের সঙ্গে বৈঠক চলে। তাতে সমঝোতা না হওয়ায় তারা এ কর্মসুচি অব্যাহত রাখার ঘোষণা দেন এবং পাঁচ দফা দাবি জানান। অবশেষে তিনদিনের আল্টিমেটাম দিয়ে রবিবার তাদের কর্মবিরতি প্রত্যাহার করেন।

Be the first to comment on "রামেক হাসপাতালে ইন্টার্ণদের কর্মবিরতি প্রত্যাহার"