নিউজ ডেস্ক : এ এমন এক ইতিহাস যা শতবছর পুরনো অলিম্পিক গেমসে কেউ অর্জন করতে পারেনি। রিও’র দর্শকরা দেখল এক অনন্য কীর্তি গড়ে আবেগে কাঁদলেন অ্যান্ড মারে। অলিম্পিকে প্রথমবারের মত এককে টানা দ্বিতীয়বার শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন তিনি। মারের এই গর্বের কান্নায় আবেগে ভাসলেন দর্শকরাও।
২০১২ লন্ডন অলিম্পিকেও সোনা উঠেছিল ব্রিটিশ তারকার গলায়। এবার রিও’র মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনার হুয়ান মার্টিন দেল পোত্রোকে ৭-৫, ৪-৬, ৬-২, ৭-৫ সেটে হারিয়ে রিও অলিম্পিকে টেনিসের এককে আবারও সোনা জিতে নিলেন মারে। চার ঘণ্টারও বেশি সময় ধরে চলল ম্যাচ। ম্যাচ শেষে পরাজিত দেল পোত্রো আবেগে জড়িয়ে ধরলেন মারেকে। এমন কীর্তি যিনি গড়তে পারেন তাকে প্রতিপক্ষ এমন সম্মান আর ভালবাসা দিবে এটাই তো স্বাভাবিক।
পুরো ম্যাচে মারে এইস মেরেছেন ১০টি, উইনার ৪৬টি। উইনারের হিসেবে অবশ্য দেল পোত্রোও খুব পিছিয়ে ছিলেন না, আর্জেন্টাইন তারকার উইনার ৩৯টি। কিন্তু ৫৭ আনফোর্সড এরর করে নিজের খেলাটাকে নিজেই কঠিন করে ফেলেছিলেন। কবজিতে একের পর এক অস্ত্রোপচারের ফলে ক্যারিয়ারের শেষ প্রান্তে পৌঁছে যাওয়া পোত্রোকে খুব ক্লান্ত লাগছিল এদিন। তবে তার এই প্রত্যবর্তনকেও সম্মান জানাতে ভুলেননি মারে। সমর্থন দিয়েছেন গ্যালারিতে থাকা দর্শকরাও। শেষ পর্যন্ত বিজয়ীর মুকুট পরলেন মারে। ফেদেরার-জোকোভিচদের দাপটের পরও নিজের জন্য স্বতন্ত্র এক ইতিহাস তৈরি করলেন তিনি।

Be the first to comment on "রিওতে ইতিহাস গড়লেন অ্যান্ডি মারে"