নিউজ ডেস্ক : আওয়ামী লীগের আসন্ন জাতীয় সম্মেলনে কাউন্সিলর হতে যাচ্ছেন বঙ্গবন্ধুর নাতনি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের স্বামী খন্দকার মাশরুর হোসেন মিতু।
ফরিদপুর জেলা আওয়ামী লীগ পুতুল ও তার স্বামী মিতুর নাম ইতিমধ্যে দলের কেন্দ্রীয় দফতরে পাঠিয়েছে। অবশ্য ঢাকা দক্ষিণের হয়ে জাতীয় কাউন্সিলে পুতুল প্রতিনিধিত্ব করবেন বলে এরই মধ্যে জানা গেছে।
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা জানান, ফরিদপুরের কাউন্সিলরদের তালিকা শুক্রবার দলের ঢাকা বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দফতরে জমা দেওয়া হয়েছে।
আগামী ২২-২৩ অক্টোবর আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনে নেতৃত্ব নির্বাচনের ক্ষমতা কাউন্সিলদের হাতেই থাকে। তাদের ভোটেই কমিটি গঠিত হয়।
শিশু মনোরোগ বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুলের স্বামী খন্দকার মাশরুর হোসেন মিতু ফরিদপুর-৩ (সদর) আসনের নির্বাচিত সংসদ সদস্য ও বর্তমান সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের ছেলে।
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে পুতুলের নাম ইত্যেমধ্যেই কাউন্সিলর হিসেবে এসেছে। বঙ্গবন্ধুর আরেক মেয়ে শেখ রেহানা, তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকের নামও এসেছে কাউন্সিলর হিসেবে।
বাবার এলাকা রংপুর থেকে কাউন্সিলর হচ্ছেন জয়। আর ববিকে কাউন্সিলর করছে ঢাকা উত্তর মহানগর আওয়ামী লীগ। শেখ রেহানা ও তার ভাগ্নি পুতুলকে কাউন্সিলে পাঠাচ্ছে ঢাকা দক্ষিণ মহানগর কমিটি।
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন বলেন, বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের মধ্যে এবারই প্রথমে ফরিদপুরের জেলার কাউন্সিলর করা হয়েছে। এর মধ্যদিয়ে ফরিদপুর আওয়ামী লীগের নেতা-কর্মীদের মাঝে আরও বেশি প্রাণচাঞ্চল্য ফিরে আসবে।

Be the first to comment on "আওয়ামী লৗগের কাউন্সিলর হচ্ছেন পুতুলের স্বামী"