নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরীর বালুছড়ায় বিআরটিসির বাস ডিপোতে আগুন লেগে পাঁচটি দোতলা বাস পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, বুধবার ভোর ৫টা ৫০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের বায়েজিদ স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের বায়েজিদ স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার এনামুল হক বলেন, “আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতি এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। আমাদের তদন্তকারী দল কাজ শেষ করলে এ বিষয়ে জানাতে পারব।”
আগুনে একটি বাস পুরোপুরি ভষ্মীভূত হয়েছে। বাকি চারটি বাসও কম-বেশি পুড়েছে।
বিআরটিসির ম্যানেজার (অপারেশনস) আজহার আলী বলেন, আশুরার ছুটির কারণে ডিপোতে ওই সময় লোকজন তেমন ছিল না।
“কীভাবে আগুন লেগেছে তা এখনই বলতে পারছি না। তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের শিগগিরই প্রতিবেদন দিতে বলা হয়েছে।”
বিআরটিসির বাস ডিপোতে আগুন লাগার ঘটনায় চট্টগ্রাম জেলা প্রশাসন চার সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করবে বলে সহকারী কমিশনার আবদুস সামাদ শিকদার জানিয়েছেন।

Be the first to comment on "চট্টগ্রামে বিআরটিসি ডিপোতে পুড়ল ৫ বাস"