শিরোনাম

ছয় জঙ্গির পালানো ঠেকাতে ‘রেড অ্যালার্ট’

নিজস্ব প্রতিবেদক : ব্লগার, প্রগতিশীল লেখক, প্রকাশক হত্যায় জড়িত হিসাবে ‘চিহ্নিত’ ছয় জঙ্গি যাতে বিদেশে পালাতে না পারে, সেজন্য ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। শুক্রবার ধানমণ্ডিতে নিজের বাসায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, “সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই ছয় জঙ্গির ছবি প্রকাশ করা হয়েছে। তারা যাতে স্থলবন্দর, নৌপথ কিংবা আকাশপথে কোনোভাবে পালিয়ে যেতে না পারে সেজন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে।” সাম্প্রতিক সময়ে ব্লগার, প্রগতিশীল লেখক, প্রকাশক হত্যার ঘটনায় জড়িত হিসাবে চিহ্নিত করার কথা জানিয়ে বৃহস্পতিবার ওই ছয়জনের ছবি প্রকাশ করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাদের ধরিয়ে দিতে ১৮ লাখ টাকা পুরস্কারও ঘোষণা করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।
ডিএমপির উপ কমিশনার মারুফ হোসেন সর্দার বৃহস্পতিবার সন্ধ্যায় পুরস্কার ঘোষণার কথা জানিয়ে  বলেন, “এরা প্রত্যেকে আনসারুল্লাহ বাংলা টিমের সঙ্গে সম্পৃক্ত।”
এই ছয়জনের মধ্যে শরিফুল ওরফে সাকিব ওরফে শরিফ ওরফে সালেহ ওরফে আরিফ ওরফে হাদী-১ এবং সেলিম ওরফে ইকবাল ওরফে মামুন ওরফে হাদী-২ এর জন্য পাঁচ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। বাকি চারজনের প্রত্যেকের জন্য দুই লাখ টাকা করে পুরস্কার ঘোষণা করা হয়েছে বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। এই চারজন হলেন- সিফাত ওরফে সামির ওরফে ইমরান, আব্দুস সামাদ ওরফে সুজন ওরফে রাজু ওরফে সালমান ওরফে সাদ, শিহাব ওরফে সুমন ওরফে সাইফুল এবং সাজ্জাদ ওরফে সজিব ওরফে সিয়াম ওরফে শামস।
পুলিশ বলছে, ওই ছয়জন গতবছর ঢাকায় লেখক অভিজি রায় থেকে শুরু করে সর্বশেষ কলাবাগানে অধিকারকর্মী জুলহাজ মান্নান ও তার বন্ধু নাট্যকর্মী মাহবুব রাব্বী তনয়ের মতো বিভিন্ন হত্যাকাণ্ডে জড়িত।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিএনপি নেতা আসলাম চৌধুরী ছাড়াও আরও কয়েজজন ‘ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে দেশবিরোধী ষড়যন্ত্রের’ জড়িত বলে তথ্য পেয়েছে পুলিশ। তিনি বলেন, “তারা নজরদারিতে রয়েছে। আরও তথ্য প্রমাণ পেলে তাদেরও গ্রেপ্তার করা হবে।” বিএনপির যুগ্ম মহাসচিব আসলামের সঙ্গে ভারতে ইসরায়েলের ক্ষমতাসীন লিকুদ পার্টির সদস্য মেন্দি এন সাফাদির সাক্ষাতের খবর ও ছবি সম্প্রতি গণমাধ্যমে এলে তুমুল আলোচনা শুরু হয়। ইসরায়েলের ওই রাজনীতিকের সঙ্গে বৈঠকের সূত্র ধরে গত ১৫ মে গ্রেপ্তার করা হয় আসলামকে।

basic-bank

Be the first to comment on "ছয় জঙ্গির পালানো ঠেকাতে ‘রেড অ্যালার্ট’"

Leave a comment

Your email address will not be published.


*