নিউজ ডেস্ক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভাগ উন্নয়ন ফি কমানোর দাবিতে প্রগতিশীল ছাত্র জোটের আন্দোলনের জেরে স্থগিত হওয়া ভর্তি-সম্পর্কিত সব কার্যক্রম পুনরায় ১৮ ডিসেম্বর থেকে শুরু হবে। চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত।
আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের স্থগিত ঘোষিত প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির মেধাতালিকার ছাত্রছাত্রীদের ভর্তি কার্যক্রম ১৮ ডিসেম্বর থেকে শুরু হবে। মেধাতালিকা থেকে ছাত্রছাত্রী ভর্তির শেষ তারিখ ২১ ডিসেম্বর।
এদিকে, শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া বিভাগ উন্নয়ন ফি না কমানোর সিদ্ধান্তে অটল থেকেই বিশ্ববিদ্যালয় প্রশাসন ভর্তি কার্যক্রমের নতুন তারিখ ঘোষণা করেছে। এর ফলে আবারো আন্দোলনের মুখে পড়তে পারে বিশ্ববিদ্যালয় প্রশাসন। উল্লেখ্য, বিভাগ উন্নয়ন ফি বাতিলের দাবিতে গত বৃহস্পতিবার ব্যাংক অবরোধ করে প্রগতিশীল ছাত্র জোট। এর ফলে ভর্তীচ্ছু কেউই টাকা জমা দিতে পারেনি। পরে, বাধ্য হয়ে ভর্তি কার্যক্রম স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Be the first to comment on "জাবিতে প্রথম বর্ষে ভর্তি শুরু ১৮ ডিসেম্বর"