নিউজ ডেস্ক : টাঙ্গাইল সদর উপজেলার কাগমারায় মির্জাবাড়ির মাঠে র্যাবের সঙ্গে বন্দুক যুদ্ধে নিহত দুই জঙ্গীর মধ্যে আহসান হাবীব শুভ ওরফে শোভনের (২৫) বাড়ি নওগাঁ জেলার রাণীনগর উপজেলা সদরের দক্ষিণ রাজাপুর গ্রামে। নিহত জঙ্গীর লাশ তার বাবা মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন সনাক্ত করে বুধবার সন্ধ্যায় টাঙ্গাইল থেকে লাশ গ্রামের বাড়ি আনেন। এদিন বাদ এশা নামাজে জানাজা শেষে রাতেই তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জঙ্গী আহসান হাবীবের বাবা মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন জানান, তার দুই সন্তান। মেয়ে বড় ও আহসান হাবীব ছোট। আহসান হাবীব রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে পড়ালেখা করতো। সেখানেই সে শিবিরের রাজনীতিতে জড়িয়ে পড়ে। আহসান হাবীব বিগত ২০১৩ সালে যখন সম্মান তৃতীয় বর্ষের ছাত্র, তখন সে অস্ত্রসহ রাজশাহী শহরের জিরো পয়েন্টে গ্রেফতার হয়। তাকে জামিনে মুক্ত করার পর থেকে সে নিরুদ্দেশ হয়ে যায়। দীর্ঘ প্রায় ৩ বছর পরিবারের সঙ্গে সরাসরি কোন যোগাযোগ ছিলনা । তবে মোবাইলে যোগাযোগ থাকলেও প্রায় বছর দেড়েক ধরে সেই যোগাযোগও বিচ্ছিন্ন করে দেয় হাবিব। এব্যাপারে তিনি রাজশাহীর বোয়ালিয়া থানায় একটি সাধারন ডায়েরী করেছিলেন বলে জানান। মঙ্গলবার (১১ অক্টোবর) আলতাফ হোসেন র্যাব সূত্রের মাধ্যমে জানতে পারেন যে, গত শনিবার (৮ অক্টোবর) সকালে আহসান হাবীবসহ টাঙ্গাইলের কাগমারা মির্জাবাড়ি মাঠ এলাকায় জঙ্গী সংগঠনের গোপন বৈঠক চলাকালীন সময়ে র্যাবের অভিযানে নিহত হয়েছে আহসান হাবিব শুভ।
আজ বৃহস্পতিবার এব্যাপারে রাণীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান জঙ্গী আহসান হাবীব শুভ নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার রাতেই লাশ দাফন করা হয়েছে।

Be the first to comment on "টাঙ্গাইলে নিহত জঙ্গির লাশ নওগাঁয় দাফন"