নিউজ ডেস্ক : থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে গত কয়েক দিন ধরে ভারী বর্ষণ ও বন্যায় কমপক্ষে ১৪ জনের প্রাণহানি হয়েছে। কর্তৃপক্ষ দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ এলাকাকে দুর্যোগপ্রবণ হিসেবে ঘোষণা করেছে।
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের জনপ্রিয় পর্যটনকেন্দ্র ক্রাবি ও খো সামুইসহ বিস্তীর্ণ এলাকায় গত সপ্তাহে প্রবল বৃষ্টিপাত হয়েছে। এতে বেশ কয়েকটি ফ্লাইট ও ফেরি চলাচল ক্ষতিগ্রস্ত হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, ৮৮ জেলার ৫ লাখ ৮২ হাজার ৩৪৩ জন ক্ষতিগ্রস্ত ও ১৪ জনের প্রাণহানি হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ১৩ জন আহত ও একজন নিখোঁজ রয়েছেন। এছাড়া দক্ষিণাঞ্চলের ১১ প্রদেশকে দুর্যোগপ্রবণ এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে।
নাখোন সি থামারাত প্রদেশের দক্ষিণাঞ্চলে রেললাইন বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় রেল চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। থাইল্যান্ডে নভেম্বরের শুরু থেকে সাধারণত শীতল ও শুষ্ক মৌসুম শুরু হয়। এ সময় দেশটিতে প্রচুর পর্যটক আসেন। কিন্তু চলতি বছর এ সময় দেশটিতে অস্বাভাবিকভাবে ভারি বর্ষণ হয়েছে।

Be the first to comment on "থাইল্যান্ডে বন্যায় ১৪ জনের প্রাণহানি"