শিরোনাম

দাঁড়িপাল্লা দলীয় প্রতীক নয় ॥ সুপ্রিম কোর্টের মত

নিউজ ডেস্ক : আদালতের মনোগ্রাম হিসেবে দাঁড়িপাল্লা ব্যবহৃত হওয়ায় এটিকে কোনো রাজনৈতিক দল কিংবা ব্যক্তির অনুকূলে নির্বাচনী প্রতীক হিসেবে বরাদ্দ না দিতে নির্বাচন কমিশনকে চিঠি দেবে সুপ্রিম কোর্ট। বিষয়টির সত্যতা স্বীকার করে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ মঙ্গলবার জানিয়েছেন, আগামীকাল বুধবার নির্বাচন কমিশনকে এ বিষয়ে আনুষ্ঠানিক চিঠি দেওয়া হবে।

সোমবার সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভায় দাঁড়িপাল্লাকে কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির অনুকূলে নির্বাচনী প্রতীক হিসাবে বরাদ্দ না দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশে জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচনে অংশ নিয়ে আসছে। তবে সম্প্রতি দলটি নির্বাচন করতে পারছে না। রাজনৈতিক দল হিসেবে জামায়াতকে নির্বাচন কমিশনের দেওয়া নিবন্ধন হাইকোর্ট বেআইনি ঘোষণা করায় যেকোনো পর্যায়ের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ হারিয়েছে দলটি।

এ ছাড়া ফুল কোর্ট সভায় সুপ্রিম কোর্টের মেইন বিল্ডিংয়ে তিন চেইন বিশিষ্ট দাঁড়িপাল্লা সংবলিত মনোগ্রাম স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে চলতি বছরের মতো আগামী বছরও সুপ্রিম কোর্টের ৬২ দিনের বার্ষিক ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়েছে ফুল কোর্ট সভায়। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সভাপতিত্বে ওই সভায় আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা অংশ নেন।

basic-bank

Be the first to comment on "দাঁড়িপাল্লা দলীয় প্রতীক নয় ॥ সুপ্রিম কোর্টের মত"

Leave a comment

Your email address will not be published.


*