নিউজ ডেস্ক: দেশের মেয়াদোত্তীর্ণ ৯ পৌরসভার ভোটগ্রহণ শুরু হয়েছে। রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এ ভোটগ্রহণ চলবে।
তফসিল অনুযায়ী রংপুরের পীরগঞ্জ, দিনাজপুরের ঘোড়াঘাট, নীলফামারীর ডোমার, টাঙ্গাইলের ঘাটাইল, নড়াইলের লোহাগড়া, পটুয়াখালীর গলাচিপা, বগুড়ার সোনাতলা ও পাবনার বেড়া পৌরসভায় ভোটগ্রহণ চলছে। এছাড়া শরীয়তপুরের নড়িয়া পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনসহ মানিকগঞ্জের সিংগাইর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সদস্য পদেও উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
এসব পৌরসভায় মেয়র পদে মোট ৩৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগের ৯, বিএনপির ৭, জাতীয় পার্টির ১ ও সাম্যবাদী দলের ১ জন প্রার্থী রয়েছেন। এছাড়া স্বতন্ত্র থেকে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া নির্বাচনে সাধারণ সদস্য পদে ৩৩৭ জন এবং সংরক্ষিত সদস্য পদে ৮২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৯টি পৌরসভার মোট ভোটার এক লাখ ৬৯ হাজার ৩৪২ জন। ৯১টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ হবে। ভোটের দিন এসব পৌরসভায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
ইসির উপ-সচিব ফরহাদ আহাম্মদ খান জানান, প্রত্যেক এলাকায় নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শুক্রবার সকাল থেকে চারদিনের জন্য মাঠে রয়েছে র্যাব, পুলিশ ও আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারা মাঠে থাকবেন ভোটের পরদিন সোমবার পর্যন্ত।
উল্লেখ্য, দেশে প্রথমবারের মতো দলীয়ভাবে স্থানীয় সরকারের পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় গত ৩০ ডিসেম্বর।

Be the first to comment on "দেশের ৯ পৌরসভায় ভোটগ্রহণ চলছে"