শিরোনাম

নিউ ইয়র্কে অভিজিৎ রায়কে স্মরণ গণজাগরণ মঞ্চের

নিউজ ডেস্ক : দুই বছর আগে ঢাকায় খুন হওয়া বিজ্ঞান লেখক ও ব্লগার অভিজিৎ রায়ের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালন করেছে নিউ ইয়র্ক গণজাগরণ মঞ্চ। অভিজিৎ রায়ের ঘাতকদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে একই দিন একটি র‍্যালি নিয়ে গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা জ্যাকসন হাইটস প্রদক্ষিণ করেন। স্থানীর সময় রবিবার সন্ধ্যায় নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় মোমবাতি জ্বালিয়ে অভিজিতের আত্মার শান্তি কামনা করা হয়।

সমাবেশের শুরুতেই অভিজিৎ স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করা হয়। ‘মৃত্যুঞ্জয় অভিজিৎ’ শীর্ষক স্মরণ সমাবেশে অভিজিতের জীবন ও কর্ম উপস্থাপন করেন মিনহাজ আহমেদ সাম্মু। এরপর সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতা মিথুন আহমেদের সঞ্চালনায় প্রথমে সাংস্কৃতিক কর্মী তাহমিনা শহীদের নেতৃত্বে উপস্থিত সবাই ‘আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে’ গানটি পরিবেশন করার সাথে সাথে প্রদীপ প্রজ্বালন করা হয়।

সমাবেশে বক্তব্য দেন সাপ্তাহিক ঠিকানার প্রধান সম্পাদক মুহাম্মদ ফজলুর রহমান, নাট্যকর্মী লুৎফুন্নাহার লতা, সাংবাদিক মুজাহিদ আনসারী, ড. প্রদীপ রঞ্জন কর, সাংবাদিক সনজীবন কুমার, মুক্তিযোদ্ধা মনির হোসেন, ঘাতক দালাল নির্মূল কমিটির নেতা স্বীকৃতি বড়ুয়া, আকবর হায়দার কিরণ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কর্মী গোপাল স্যানাল, সংস্কৃতিকর্মী শুভ রায়, জাসদ যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক নুরে আলম জিকু প্রমুখ।

মুক্ত চিন্তা আন্দোলনের কলমযোদ্ধা অভিজিৎক রায়কে ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি ঢাকায় একুশে বইমেলা থেকে বের হওয়ার সময় তাকে কুপিয়ে হত্যা ও তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যাকে আহত করে ধর্মান্ধ মৌলবাদী সন্ত্রাসীরা। গত দুই বছরেও সংশ্লিষ্ট খুনিদের দৃষ্টান্তমুলক শাস্তি না হওয়ায় সমাবেশে বক্তারা ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন। অভিজিৎ ঘাতকদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তারা বলেন, অভিজিৎ-এর আদর্শ ও চেতনাকে কোনও দিন নিঃশেষ করা যাবে না। যতদিন বাংলাদেশ ও বাঙালি জাতি থাকবে, ততদিন অভিজিৎ-এর লালিত চেতনা দেশের মানুষকে মুক্ত চিন্তায় গড়ে তোলায় সমৃদ্ধ করবে।

উল্লেখ্য, দুই বছর আগে ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি বইমেলা থেকে ফেরার পথে নির্মমভাবে খুন হন বিজ্ঞান লেখক, প্রকৌশলী ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতাদের অন্যতম অভিজিৎ রায়। মৌলবাদীদের চাপাতির নির্মম আঘাতে ক্ষতবিক্ষত হয়ে অল্পের জন্য প্রাণে বেঁচে যান আরেকজন বিজ্ঞান লেখক অভিজিৎ রায়ের জীবনসঙ্গী বন্যা আহমেদ।

basic-bank

Be the first to comment on "নিউ ইয়র্কে অভিজিৎ রায়কে স্মরণ গণজাগরণ মঞ্চের"

Leave a comment

Your email address will not be published.


*