শিরোনাম

নিজের রোপণ করা চন্দন গাছের কাঠ দিয়েই দাহ করা হবে সুরঞ্জিতকে

নিউজ ডেস্ক : নিজের হাতে রোপণ করা চন্দন গাছের কাঠ দিয়ে দাহ করা হবে সুরঞ্জিত সেনগুপ্তকে। ইতোমধ্যেই চন্দন গাছটি কাটা হয়েছে এবং কাঠ আকারে বানানো হয়েছে।
আগামীকাল সোমবার দিরাই এর আনোয়ারপুরে নিজ বাড়ির পাশে সুরঞ্জিত সেনগুপ্তের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে। তিনি আজ রোববার ভোরে ৪টা ২৯ মিনিটে রাজধানী ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সুরঞ্জিত সেনগুপ্তের ব্যবসাপ্রতিষ্ঠানের ম্যানেজার সুজিত রায় বাসসকে বলেন, চৌদ্দ-পনের বছর আগে সুরঞ্জিত সেনগুপ্ত নিজের হাতেই বাড়ির আঙ্গিনায় এই চন্দন গাছটি রোপণ করেছিলেন । যখনই তিনি দিরাই এর এই বাড়িতে যেতেন, নিজের হাতেই গাছটির পরিচর্যা করতেন ।
শুধু তাই নয়, সুরঞ্জিত সেনগুপ্তকে একজন বৃক্ষপ্রেমিক উল্লেখ করে তিনি বলেন, তার নিজের হাতে সৃজন করা বাগানে প্রচুর পরিমাণ মেহগনি, সুন্দরী ও সেগুন গাছসহ ফল-ফলাদির গাছ আছে। সময় পেলে সুরঞ্জিত নিজ হাতেই এসব গাছের দেখভাল করতেন ।
বাসস সুনামগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, বর্ষীয়ান রাজনীতিবিদ, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে দিরাই উপজেলা আওয়ামী লীগ তিন দিনের শোক ঘোষণা করেছে । এর আগে সকালে দিরাই জগন্নাথ মন্দিরে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।
আগামীকাল সোমবার সকাল নয়টায় তাঁর মরদেহ সিলেটে এসে পৌঁছার কথা। বেলা ১১টায় মরদেহ যাবে সুনামগঞ্জের সাল্লায় নিজ নির্বাচনি এলাকায়। সকাল ১০ টায় সেখানে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাবেন। পরে মরদেহ দিরাইয়ে তাঁর বাসভবনে আনা হবে। সেখানে আনুষ্ঠানিকতা শেষে আনোয়ারপুরে দাহ করা হবে।

basic-bank

Be the first to comment on "নিজের রোপণ করা চন্দন গাছের কাঠ দিয়েই দাহ করা হবে সুরঞ্জিতকে"

Leave a comment

Your email address will not be published.


*