শিরোনাম

নিরাপত্তা পরিষদে মিশরের ভোটে অসন্তুষ্ট সৌদি আরব

নিউজ ডেস্ক :  জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়া বিষয়ে দুটি প্রস্তাব উত্থাপন করা হয়। আর সেখানে মিশরের দেয়া ভোট বিস্ময়ের সৃষ্টি করেছে।  কেননা ফ্রান্স এবং রাশিয়ার আনা দুটি ‘বিপরীত’ প্রস্তাবে ‘হ্যাঁ’ ভোট দিয়েছে দেশটি। দুটি প্রস্তাবেই মিশরের ‘হ্যাঁ’ ভোট কার্যতই রহস্যের জন্ম দিয়েছে। তবে প্রস্তাব দুটি পাস না হওয়ায় দুঃখপ্রকাশ করেছেন মিশরীয় দূত আবুল আত্তা।

এদিকে, মিশরের এই পদক্ষেপকে ‘কষ্টদায়ক’ বলে মন্তব্য করেছে দেশটির ঘনিষ্ঠ মিত্র সৌদি আরব। এছাড়া প্রস্তাব বাতিল হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রসহ তার মিত্ররা। আর যুক্তরাষ্ট্রকে এককভাবে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে সৌদি আরব। খবর আল-আরাবিয়ার।

সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত আলেপ্পোয় বোমা হামলা বন্ধ এবং সামরিক সংঘাত এড়ানোর কথা উল্লেখ করে যুদ্ধবিরতি প্রস্তাব আনে ফ্রান্স। এই প্রস্তাবে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১১টি ‘হ্যাঁ’ ভোট দিলেও রাশিয়া ‘ভেটো’ দেয়। রাশিয়ার ‘ভেটো’তে ফ্রান্সের আনা প্রস্তাব পাস হয়নি আর নয়টি ‘হ্যাঁ’ ভোট না পাওয়ায় বাতিল হয়ে যায় রাশিয়ার প্রস্তাবও।

নিয়ম অনুযায়ী নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্সের মধ্যে কোনো এক সদস্য ‘না’ ভোট দিলে প্রস্তাব বাতিল হয়ে যায়। এছাড়া ভেনিজুয়েলা এবং অ্যাঙ্গোলাও প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়। আর ভোটদান থেকে বিরত ছিল চীন।

 

basic-bank

Be the first to comment on "নিরাপত্তা পরিষদে মিশরের ভোটে অসন্তুষ্ট সৌদি আরব"

Leave a comment

Your email address will not be published.


*