শিরোনাম

পাবনায় দুর্বৃত্তদের হামলার শিকার চার্চের নৈশ প্রহরী

নিউজ ডেস্ক : পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর ক্যাথলিক চার্চের নৈশ প্রহরী গিলবার্ট কস্তাকে (৬৫) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আর এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার দিবগাত রাত তিনটার দিকে এ হামলার ঘটনা ঘটে। আহত গিলবার্ট কস্তা উপজেলার লাউতিয়া গ্রামের মৃত জোসেফ কস্তার ছেলে। তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আটক তিন ব্যক্তি হলেন-উপজেলার লাউতিয়া গ্রামের আব্দুল ওহাবের ছেলে রাজিব হোসেন (১৮), একই গ্রামের আনজিল হোসেনের ছেলে মুরাদ হোসেন (১৭) ও লাল চাঁনের ছেলে ফরিদ হোসেন (১৮)।

আহতের ছোট ভাই বকুল কস্তা জানান, গত রাতে মথুরাপুর ক্যাথলিক চার্চে নৈশ প্রহরীর দায়িত্ব পালন করছিলেন গিলবার্ট কস্তা। রাত তিনটার দিকে কয়েকজন দুর্বৃত্ত চার্চের প্রাচীর টপকে ভিতরে প্রবেশ করে। এ সময় নৈশ প্রহরী তাদের বাধা দিতে গেলে তার ওপর হামলা চালিয়ে এলোপাথারী কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে আহত অবস্থায় গিলবার্টকে উদ্ধার করে প্রথমে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আহসান হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ রাতেই অভিযান চালিয়ে হামলার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ববিরোধের জেরে নৈশ প্রহরীর উপর হামলা করে দুর্বৃত্তরা। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

basic-bank

Be the first to comment on "পাবনায় দুর্বৃত্তদের হামলার শিকার চার্চের নৈশ প্রহরী"

Leave a comment

Your email address will not be published.


*