নিউজ ডেস্ক : প্রচণ্ড শিলাবৃষ্টির সময় দক্ষিণ ফ্রান্সে লাইনে উপড়ে পড়া একটি গাছের সঙ্গে একটি আন্তঃনগর ট্রেনের সংঘর্ষে বহু যাত্রী আহত হয়েছেন।
বুধবার বিকেলে টেহু অঞ্চলের ইসশ্-আউন গ্রামের কাছে ঘটা এ ঘটনায় আহত আট যাত্রীর অবস্থা গুরুতর বলে জানিয়েছে বিবিসি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাছের সঙ্গে সংঘর্ষের ধাক্কায় ট্রেনটির এক যাত্রী বাইরে ছিটকে পড়েন।
জরুরি বিভাগ জানিয়েছে, এক ব্যক্তির অবস্থা সঙ্কটজনক হওয়ায় তাকে হেলিকপ্টারে তুলে হাসপাতালে নেওয়া হয়েছে।
সংঘর্ষে ট্রেনটির সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, জানালাগুলো সব ভেঙে পড়েছে।
প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, স্থানীয় সময় ৩টা ৪৫ মিনিটের দিকে দ্বিতল ট্রেনটি লাইনে পড়ে থাকা গাছটিকে আঘাত করার সময় মোতেরিয়ের পূর্বদিক দিয়ে ১৪০ কিলোমিটার/ঘন্টা বেগে চলছিল। এ সময় ট্রেনটিতে ২৫০ জনের মতো যাত্রী ছিল।
লুক্সেমবুর্গ থেকে আসা জাস্টিন নামের ২৪ বছরের এক যাত্রী বলেন, “শিলা বৃষ্টির সময় আমরা ট্রেনটিতে ছিলাম, শিলাগুলো ছিল টেবিল টেনিস বলের সাইজের, এ সময় আমরা বিস্ফোরণের মতো একটা শব্দ শুনলাম।
“ট্রেনটি কয়েক সেকেন্ড ধরে ঝাঁকি খেয়ে থেমে যাওয়ার পর কিছু মানুষকে দেখলাম যাদের মাথা রক্তে মাখামাখি হয়ে আছে।”
প্রাথমিকভাবে কিছু যাত্রী ওই বিস্ফোরণের মতো শব্দকে সন্ত্রাসী হামলার শুরু বলে মনে করেছিলেন। সাম্প্রতিক কয়েক মাস ধরে ইউরোপে একের পর এক সন্ত্রাসী হামলার ঘটনায় ওই অঞ্চলের মানুষ শঙ্কিত হয়ে আছেন।
এই দুর্ঘটনার কারণে মোতেরিয়ে থেকে নিমাগামী লাইন বন্ধ হয়ে গিয়েছিল।

Be the first to comment on "ফ্রান্সে উপড়ে পড়া গাছের সঙ্গে ট্রেনের সংঘর্ষে বহু আহত "