নিউজ ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জঙ্গিবাদ নির্মূল নয়, বরং একে পুঁজি করে বিরোধী দল নির্মূল করাই আওয়ামী লীগের মূল উদ্দেশ্য।
সোমবার দুপুরে জেলার পীরগঞ্জ পৌর অডিটোরিয়ামে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ যদি জঙ্গিবাদ নির্মূল করতে চাইত, তাহলে তারা বেগম খালেদা জিয়ার ডাকে সাড়া দিয়ে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করত। কিন্তু তারা জঙ্গিবাদ নির্মূল করতে চায় না।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বাংলাদেশকে জঙ্গিরাষ্ট্র প্রমাণ করার জন্য উঠে-পড়ে লাগে। আজকে আমরা বিএনপি জঙ্গিবাদের বিরোধিতা করছি। যেখানেই জঙ্গিবাদ সেখানেই আমরা প্রতিরোধ করছি। শুধু তাই নয়, গুলশান ও শোলাকিয়া ঘটনার পরপরই বেগম খালেদা জিয়া সংবাদ সম্মেলন করে জাতীয় ঐক্যের ডাক দেন। কিন্তু আওয়ামী লীগ তাতে সাড়া দেয়নি।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি সুলতানুর ফেরদৌস ন¤্র, সাধারণ সম্পাদক তৈমুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ মাসুদ, পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জাহিদুর রহমান জাহিদ, সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়াসহ আরো অনেকে।

Be the first to comment on "‘বিরোধী দল নির্মূল করাই আওয়ামী লীগের মূল উদ্দেশ্য’"