নিউজ ডেস্ক : দালাই লামা কার্ড ব্যবহার নিয়ে ভারতকে সতর্ক করল চীনের সরকারি সংবাদমাধ্যম। তারা ভারত সম্পর্কে বিভিন্ন শ্লেষাত্মক মন্তব্যও করেছে।
রাষ্ট্রায়ত্ত গ্লোবাল টাইমস এ প্রকাশিত এক নিবন্ধে বলা হয়েছে, ভারত ‘বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হওয়ার বড়াই’ করে বেড়ায়, ‘অবাধ্য শিশু’র মতো আচরণ করে। নিবন্ধে আরও বলা হয়েছে, ভারতের মহান দেশ হয়ে ওঠার সমূহ সম্ভাবনা রয়েছে। কিন্তু ভারতের দর্শন খুবই ‘অদূরদর্শী’। এতে আরও বলা হয়েছে, আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পকে তাইওয়ান প্রসঙ্গে কীভাবে চীন মোকাবিলা করেছে, তা দেখে শিক্ষা নেওয়া উচিত ভারতের।
নিবন্ধতে বলা হয়েছে, তাইওয়ান নিয়ে ‘ওয়ান চায়না’ নীতিকে চ্যালেঞ্জ করে বসেছিলেন ট্রাম্প। চীনের ধৈর্যর পরখ করতে এসে যা জবাব পেয়েছেন ট্রাম্প, তাতে তিনি নিঃসন্দেহে বুঝে গিয়েছেন যে, চীনের সার্বভৌম একতা ও জাতীয় সংহতি অলঙ্ঘনীয়।
যদিও নিবন্ধে এ ব্যাপারে চীন ঠিক কী এমন ব্যবস্থা নিয়েছে, সে সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি। ট্রাম্প প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার পর তাইওয়ানের প্রেসিডেন্টকে ফোন করেছিলেন। একই সঙ্গে ওয়ান-চায়না নীতি নিয়েও প্রশ্ন তোলেন। এর প্রবল প্রতিবাদ করেছিল চীন। এর পাশাপাশি বিতর্কিত দক্ষিণ চীন সাগরে আমেরিকার একটি মানবহীন যন্ত্র বাজেয়াপ্ত করে চীন।

Be the first to comment on "ভারতকে হুঁশিয়ারি চীনের সংবাদমাধ্যমের"