শিরোনাম

মন্ত্রিসভায় বহিঃসমর্পণ চুক্তি সংশোধন অনুমোদন

নিউজ ডেস্ক : বাংলাদেশ ও ভারতের মধ্যে বহিঃসমর্পণ চুক্তির একটি ধারা সংশোধন করা হয়েছে। যার মূল লক্ষ্য এক দেশের আসামি অন্য দেশে হস্তান্তরের প্রক্রিয়া সহজ করা। আজ সোমবার মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকে সংশোধনের এ প্রস্তাব অনুমোদন করা হয়। সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, ভারতের অনুরোধের পরিপ্রেক্ষিতে ২০১৩ সালের ২৩ অক্টোবর স্বাক্ষরিত দ্বিপক্ষীয় এই চুক্তির ১০(৩) ধারা সংশোধনের প্রস্তাব আজ মন্ত্রিসভায় অনুমোদন করা হয়। সংশোধিত ওই অনুচ্ছেদ অনুযায়ী, কোনো বিচারিক আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে এবং দুই দেশের যেকোনো দেশ যদি ওই আসামিকে ফেরত চায়, তাহলে তাকে ফেরত দিতে হবে।

আজকের বৈঠকে সিনিয়র স্টাফ নার্স সরাসরি নিয়োগের ক্ষেত্রে বিশেষ কোটার কোনো পদ পূরণ করা না গেলে তা মেধা তালিকা থেকে পূরণ করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ব্যাপারে মন্ত্রিপরিষদ সচিব জানান, মোট ৯ হাজার ৬১৬টি সৃষ্ট পদে নার্স নিয়োগের প্রক্রিয়া চলছে। এই প্রক্রিয়ায় কোটা খালি না রেখে নার্সদের নিয়োগ দেওয়া যাবে।

এ ছাড়া আজকের বৈঠকে পাট গবেষণা ইনস্টিটিউট আইন-২০১৬-এর নীতিগত খসড়া অনুমোদন করা হয়েছে।

আজকের মন্ত্রিসভা বৈঠকে মঙ্গোলিয়ার উলানবাটোরে এশিয়া-ইউরোপ সম্মেলনে (আসেম) প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন প্রতিনিধিদলের অংশগ্রহণ সম্পর্কে অবহিত করা হয়।

basic-bank

Be the first to comment on "মন্ত্রিসভায় বহিঃসমর্পণ চুক্তি সংশোধন অনুমোদন"

Leave a comment

Your email address will not be published.


*