নিউজ ডেস্ক : হঠাৎ খবরে সবাই চমকেই গেলো। ভিক্টোরিয়া আজারেঙ্কা মা হতে যাচ্ছেন। টুইটারে এই বেলারুশ সুন্দরী নিজেই দিয়েছেন খবরটা। ২৬ বছরের আজারেঙ্কা মা হয়ে বছরের শেষে আবার টেনিস কোর্টে ফেরার আশা করছেন।
দুটি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন আজারেঙ্কা। এক সময় ছিলেন বিশ্বের এক নম্বর নারী টেনিস খেলোয়াড়। এখন র্যাঙ্কিংয়ের ৬ নম্বরে। মে মাসে ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ডে ইনজুরির কারণে কোর্ট ছেড়েছিলেন। তারপর আর খেলেননি। এখন তার মা হওয়ার খবরে বোঝা গেলো রিও অলিম্পিকেও খেলা হবে না তার। ২০১২ লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন আজারেঙ্কা।
আজারেঙ্কা জানিয়েছেন, “ফ্যানদের একটা সুখবর দেওয়ার আছে। এই বছরের শেষে আমি ও আমার বয়ফ্রেন্ড মা-বাবা হতে যাচ্ছি। আমাদের খুশির সীমা নেই। নিজেদের খুব ভাগ্যবান মনে করছি।” মা হয়ে কোর্টে ফিরে নতুন উদ্যমে শুরু করার প্রত্যয়ও জানিয়েছেন তিনি, “সন্তান হওয়ার পরও কোর্টে ফিরে যে সব নারী অ্যাথলেটরা শীর্ষে পৌঁছেছেন তাদের কাছ থেকে প্রেরণা নিচ্ছি। আমিও এমনটা করতে চাই।”
সেই প্রেরণার জন্য আজারেঙ্কাকে খুব পেছনে যেতে হবে না। সাবেক ১ নম্বর তারকা কিম ক্লাইস্টার্সের দিকে তাকালেই হবে। এই বেলজিয়ান মেয়ের জন্মের জন্য অবসরে গিয়েছিলেন। পরে ফিরে তিনটি গ্র্যান্ড স্ল্যাম জিতে ইতিহাস তৈরি করেছিলেন। আজারেঙ্কা তার বয়ফ্রেন্ডের নাম জানাননি। ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত তার বয়ফ্রেন্ড ছিলেন এলএমএফএও ব্যান্ডের রেডফুড। এখন অবশ্য বিল ম্যাককিগের সাথে তার সম্পর্কের কথা জানা যায়। যদিও মিডিয়ার সামনে কখনো বয়ফ্রেন্ডের সাথে উপস্থিত হননি আজারেঙ্কা।

Be the first to comment on "মা হতে যাচ্ছেন টেনিস তারকা আজারেঙ্কা"