শিরোনাম

রাজীব হত্যার আসামি রানাসহ দুজন ৫ দিনের রিমান্ডে

নিউজ ডেস্ক : ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি রেদওয়ানুল আজাদ রানাসহ দুজনকে উত্তরা পশ্চিম থানার আরেকটি মামলায় পাঁচ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। অপর আসামি হলেন আশরাফুল ইসলাম।

আজ মঙ্গলবার দুপুর সাড়ে তিনটায় ঢাকার মহানগর হাকিম মাজহারুল ইসলামের আদালতে এই রিমান্ড শুনানি হয়। এ সময় পুলিশের পক্ষ থেকে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। অপরদিকে রানার পক্ষের আইনজীবী হাফেজ আহমেদ রানার রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। তবে তা নাকচ করে দেন আদালত। শুনানি শেষে বিচারক রানাসহ দুজনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এই দুজনের রিমান্ড আবেদনে বলা হয়েছে, আসামিরা উত্তরা পশ্চিম থানাধীন বায়তুল নূর মসজিদের সামনে জড়ো হয়ে সরকার ও রাষ্ট্রবিরোধী ধ্বংসাত্মক কার্যক্রম পরিচালনার জন্য গোপন বৈঠকে মিলিত হয়েছিলেন। সেখান থেকে অজ্ঞাতনামা আরও চার-পাঁচজন পালিয়ে যায়। ২০১৩ সালে ব্লগার আহমেদ রাজীব হায়দার খুন হওয়ার পর আসামি রানা মালয়েশিয়ায় পালিয়ে যান। সেখান থেকে এ দেশে থাকা জঙ্গিদের সঙ্গে যোগাযোগ রেখে চলেন। আসামিরা সবাই আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য। পালিয়ে যাওয়া আসামিদের গ্রেপ্তার ও ঘটনার রহস্য উদ্ঘাটনের জন্য এই আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি।

আসামিদের রিমান্ড আবেদনে আরও যোগ করা হয়েছে, এই আসামিদের কাছ থেকে নিষিদ্ধ জঙ্গি বই, ল্যাপটপ, মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

এর আগে গতকাল সোমবার উত্তরা পশ্চিম এলাকা থেকে জিহাদি বইসহ ওই দুজনকে(রানা ও আশরাফ) গ্রেপ্তার করে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। এ ঘটনায় কাউন্টার টেররিজমের পরিদর্শক তাজুল ইসলাম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

basic-bank

Be the first to comment on "রাজীব হত্যার আসামি রানাসহ দুজন ৫ দিনের রিমান্ডে"

Leave a comment

Your email address will not be published.


*