শিরোনাম

সৃজনশীল মেধা অন্বেষণ শুরু ১৮ মার্চ

নিউজ ডেস্ক : পঞ্চমবারের মতো সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠানের (ষষ্ঠ-দ্বাদশ) শিক্ষার্থীদের নিয়ে সৃজনশীল মেধা অন্বেষণ-২০১৭ শুরু হচ্ছে ১৮ মার্চ থেকে। উপজেলা পর্যায়ে ১৮, ১৯ ও ২০ মার্চ এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এরপর জেলা উপজেলা ও বিভাগীয় পর্যায়ে উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে ৩০ মার্চ ঢাকায় জাতীয় পর্যায়ে চূড়ান্ত সৃজনশীল মেধা অন্বেষণ অনুষ্ঠিত হবে। চূড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ী ১২ জন শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নগদ এক লাখ টাকা করে পুরস্কার, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করবেন। একইভাবে তাদেরকে বিদেশ ভ্রমণের ব্যবস্থা করবে শিক্ষা মন্ত্রণালয়।
সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এসব তথ্য জানান।
শিক্ষামন্ত্রী জানান, শিক্ষার্থীদের প্রতিভার বিকাশ ঘটাতে ২০১৩ সাল থেকে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা শুরু হয়েছে। পঞ্চমবারের মতো সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০১৭ শুরু হচ্ছে। ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ইতোমধ্যে গত ১৩ ও ১৪ মার্চ এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠান-ভিত্তিক বাছাই প্রতিযোগিতা শেষে ১৮, ১৯ ও ২০ মার্চ উপজেলা পর্যায়ে, ২২ মার্চ জেলা পর্যায়ে, ২৩ মার্চ ঢাকা মহানগরে, ২৮ মার্চ বিভাগীয় পর্যায়ে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আগামী ৩০ মার্চ রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে সকাল ৯টায় জাতীয় পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
মন্ত্রী আরও জানান, প্রতি উপজেলা থেকে বাছাইকৃত ১২ জন করে শিক্ষার্থী জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেবে। একইভাবে জেলা পর্যায় থেকে নির্বাচিত ১২ জন শিক্ষার্থীদের নিয়ে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এরপর ৮টি বিভাগ ও ঢাকা মহানগর থেকে ১২ জন করে নির্বাচিত মোট ১০৮ জন শিক্ষার্থী চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেবে। এখান থেকে ৪ বিষয়ে একজন করে ৩টি গ্রুপে মোট ১২ জনকে বছরের সেরা মেধাবী ঘোষণা করা হবে।
নুরুল ইসলাম নাহিদ জানান, ৬ষ্ঠ থেকে ৮ম, ৯ম থেকে ১০ম ও একাদশ থেকে দ্বাদশ শ্রেণির তিনটি ভাগে চারটি বিষয়ের মধ্যে প্রতিযোগিতা হবে। এগুলো হবে ভাষা ও সাহিত্য, দৈনন্দিন বিজ্ঞান/বিজ্ঞান, গণিত ও কম্পিউটার এবং বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নিয়ম অনুযায়ী প্রতিটি বিষয়ে ৫০ নম্বরের মেধা যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়। প্রতি পর্যায়ে ৩টি গ্রুপে ৪টি বিষয়ে একজন করে সেরা শিক্ষার্থী নির্বাচন করা হয়। প্রতিষ্ঠান পর্যায়ের প্রতিযোগিতা প্রতিষ্ঠানগুলো নিজ উদ্যোগে আয়োজন করে সেরা ১২ জনের নাম উপজেলা শিক্ষা অফিসে প্রেরণ করে।
মন্ত্রী জানান, শুধু জাতীয় পর্যায়ে মেধাবীদের পুরস্কৃত করা হবে তা-ই নয়, উপজেলা, জেলা ওবিভাগীয় পর্যায়ের সেরা ১২ জনকেও পুরস্কার প্রদান করা হয়। জাতীয় পর্যায়ে বছরের সেরা ১২ জনকে আনুষ্ঠানিকভাবে এক লাখ করে টাকা পুরস্কার প্রদান করেন প্রধানমন্ত্রী। তাদের ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদানসহ বিদেশ ভ্রমণের সুযোগ দেওয়া হবে। একইভাবে জাতীয় পর্যায়ে অংশগ্রহণকারী অবশিষ্ট ৯৬ জনকে নগদ অর্থ প্রদান করা হবে।
সেরা মেধাবীদেরকে শিক্ষা সফরের অংশ হিসেবে ২০১৩ ও ২০১৬ সালে মালয়েশিয়ায় এবং ২০১৪ ও ২০১৫ সালে থাইল্যান্ড ভ্রমণে পাঠানো হয় বলে জানান নুরুল ইসলাম নাহিদ।
সংবাদ সম্মেলনে শিক্ষা সচিব সোহরাব হোসেইনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

basic-bank

Be the first to comment on "সৃজনশীল মেধা অন্বেষণ শুরু ১৮ মার্চ"

Leave a comment

Your email address will not be published.


*