নিউজ ডেস্ক : চলতি নিউজিল্যান্ড-পাকিস্তান সিরিজে বৃষ্টির আনাগোনা অব্যাহত রয়েছে। এই বৃষ্টির কারণেই ক্রাইস্টচার্চের টেস্ট প্রথম দিনের খেলা পরিত্যক্ত হয়েছিল। দ্বিতীয় টেস্টের প্রথম দিনও বৃষ্টিবিঘ্নিত হলো খেলা।
হ্যামিলটনে প্রথম দিনের শুরুটা ভালোভাবে করলেও কিছু পরই বৃষ্টির আধিপত্যে খেলার ইতি টানতে হয়। টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে সেডন পার্কে প্রথম দিনের দুই সেশন বৃষ্টিতে ভেসে যায়। পরে স্থানীয় সময় বেলা ৪টায় ম্যাচ অফিসিয়ালরা দিনের খেলার সমাপ্তি টানেন। মাত্র ২১ ওভার খেলা হয়েছে এ দিন।
শুক্রবার টসে জিতে পাকিস্তান প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। পিচের কারণে স্পিনারদের নিয়ে পরিকল্পনা সাজিয়েছিল পাকিস্তান। তবে সাফল্য এনে দেয় পেসাররাই। ম্যাচের প্রথম ওভারের শেষ বলেই শূন্য রানে টম ল্যাথামকে প্যাভিলিয়নের পথ ধরান মোহাম্মদ আমির। এরপর কিউই অধিনায়ক কেন উইলয়ামসনও বেশি সুবিধা করতে পারেননি। দুটি চারের মারে ১৩ রান করে ওয়াহাব রিয়াজের শিকার হন তিনি।
তবে এরপর প্রতিরোধ গড়ে তোলে কিউইরা। তৃতীয় উইকেটে জিত রাভাল ও রস টেলর জুটি গড়ে তোলেন। তাদের জুটি থেকে দলে ৩৮ রান আসে। দিনশেষে ২ উইকেটে নিউজিল্যান্ডের সংগ্রহ ৭৭ রান। রাভাল ২৫ ও টেলর ২৯ রানে অপরাজিত আছেন। দ্বিতীয় দিনের খেলা ৩০ মিনিট আগে শুরু হবে বলে জানা গেছে।

Be the first to comment on "হ্যামিলটন টেস্টেও বৃষ্টির বাগড়া"