নিউজ ডেস্ক : নির্বাচন কমিশন গঠন নিয়ে আলোচনার জন্য চতুর্থ পর্যায়ে আওয়ামী লীগও বঙ্গভবনের আমন্ত্রণ পেয়েছে। এছাড়াও আরো ৫টি দলকেও একইদিন আমন্ত্রণ জানানো হয়েছে।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সোমবার বলেন, ৬টি দলকে তাদের কার্যালয়ের ঠিকানায় চিঠি পাঠানো হয়েছে। আওয়ামী লীগের সঙ্গে ১১ জানুয়ারি বিকাল ৪টায় আলোচনা করবেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ চতুর্থ পর্যায়ে ৮ জানুয়ারি গণতন্ত্রী পার্টি ও গণফোরাম, ৯ জানুয়ারি বাসদ, জাসদ (আম্বিয়া) ও ইসলামী আন্দোলনের সঙ্গে আলোচনা করবেন।
গত ১৮ ডিসেম্বর সংসদের বাইরে থাকা বিএনপির সঙ্গে আলোচনা শুরুর মধ্যে দিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপ্রধানের এই সংলাপ শুরু হয়।
আওয়ামী লীগের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির চলমান আলোচনা শেষ হতে পারে। দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে একটি সার্চ কমিটি গঠন করবেন রাষ্ট্রপতি; তাদের সুপারিশের ভিত্তিতে নতুন নির্বাচন কমিশন গঠন তিনি গঠন করবেন, যাদের অধীনে আগামী সংসদ নির্বাচন হবে।
বিএনপি ছাড়াও রাষ্ট্রপতি এরমধ্যে জাতীয় পার্টি, এলডিপি, কৃষক-শ্রমিক-জনতা লীগ, জাসদ (ইনু), ওয়ার্কার্স পার্টি, বিএনএফ, ইসলামী ঐক্যজোট, জাতীয় পার্টির সঙ্গে আলোচনা সেরে ফেলেছেন রাষ্ট্রপতি। তরীকত ফেডারেশন ও বিজেপির সঙ্গে ৩ জানুয়ারি আলোচনায় বসবেন আবদুল হামিদ। এরপর আলোচনা করবেন সিপিবি, ন্যাপ, সাম্যবাদী দল, বিকল্প ধারা ও জেএসডির সঙ্গে।

Be the first to comment on "১১ জানুয়ারি আওয়ামী লীগের সঙ্গে রাষ্ট্রপতির সংলাপ"