নিউজ ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে অজিদের দেওয়া ৮৭ রানের লিডের বিপরীতে স্বাগতিক ভারত স্কোরবোর্ডে ২৭৪ রান সংগ্রহ করেছে। ফলে অস্ট্রেলিয়ার সামনে জয়ের লক্ষ্য দাঁড়িয়েছে ১৮৮ রান।
ব্যাঙ্গালুরু টেস্টে চতুর্থ দিনের শুরুটা ভালোই করেছিল স্বাগতিক ভারত। তৃতীয় দিন শেষে অরপরাজিত থাকা চেতন পুজারা (৭৯) এবং আজিঙ্কা রাহানে (৪০) ধীরগতিতেই এগুতে থাকেন। তবে অস্ট্রেলিয়া শিবিরে ব্রেকথ্রু এনে দিয়েছেন মিচেল স্টার্ক ও জস হ্যাজেলউড। একই ওভারে তিনি রাহানে ও করুন নায়ারের উইকেটটি তুলে নেন। ফলে স্বস্তির শ্বাসই ফেলে স্টিভ স্মিথের দল।
সোমবার (৬ মার্চ) তৃতীয় দিনশেষে ৪ উইকেট হারিয়ে ভারত সংগ্রহ করে ২১৩ রান। মঙ্গলবার পূজারা ও রাহানে স্কোরবোর্ডে আরও ২৫ রান যোগ করেন। এরপরই স্টার্কের জোড়া আঘাতে কিছুটা ছন্দপতন ঘটে স্বাগতিকদের শিবিরে। রাহানেকে ব্যক্তিগত ৫২ রানে এলবিডব্লু’র ফাঁদে ফেলেন স্টার্ক। আর নায়ার নিজের প্রথম বলেই বোল্ড হয়ে ফিরে যান সাজঘরে।
এরপরই স্বাগতিকদের শিবিরে আঘাত হানেন জস হ্যাজেলউড। উইকেটে থিতু হয়ে বসা সেঞ্চুরির পথে থাকা চেতন পূজারাকে ফিরিয়ে তিনি ভারতের লাগাম টেনে ধরেন। পূজারা ৯২ রান করে সাজঘরে ফিরেন। রবিচন্দ্রন অশ্বিনকেও ৪ রানে প্যাভিলিয়নের পথ ধরান হ্যাজেলউড। এরপর উমেশ যাদবকেও ১ রানেই সাজঘরে ফেরান তিনি।
পরে স্বাগতিকদের হয়ে অষ্টম ব্যাটসম্যান হিসেবে মাঠে নামেন ঋদ্ধিমান সাহা। তিনি ওয়ানডে স্টাইলে খেলে ৩৭ বলে দুটি চার ও একটি ছক্কার মারে ২০ রান করে অপরাজিত থাকেন।
এর আগে অজিদের লিডের জবাবে ম্যাচের তৃতীয় দিনে ভারত নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ৩৯ রানে হারায় ওপেনার অভিনব মুকুন্দকে। ব্যক্তিগত ১৬ রানে জস হ্যাজেলউডের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেন তিনি। আর লোকেশ রাহুল হাফ সেঞ্চুরি (৫১) করে স্টিভ ও’কিফের বলে আউট হন। বিরাট কোহলি এদিনও নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন। ২৫ বল খেলে ১টি চারের মারে ১৫ রান করে হ্যাজেলউডের বলে এলবিডব্লিউর শিকার হন। রবীন্দ্র জাদেজকেও ২ রানেই সাজঘরে ফেরান হ্যাজেলউড।
অজিদের হয়ে জস হ্যাজেলউড নিয়েছেন ৬টি উইকেট। মিচেল স্টার্ক ২টি ও স্টিভ ও’কিফ ২টি উইকেট নেন।
এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করে ১৮৯ রান সংগ্রহ করে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৯০ রান করেন লোকেশ রাহুল। এর জবাবে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে ২৭৬ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। এই সুবাদে দ্বিতীয় দিনের হাতে থাকা ৪৮ রানের লিডের সঙ্গে ৩৯ রান যোগ করে সফরকারীদের মোট লিড দাঁড়ায় ৮৭ রান।
সংক্ষিপ্ত স্কোর
ভারত : ১৮৯, ২৭৪ (৯৭.১ ওভার)
অস্ট্রেলিয়া : ২৭৬

Be the first to comment on "অজিদের জয়ের লক্ষ্য ১৮৮"