নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, অসাম্প্রদায়িক চেতনাই মানব মুক্তির প্রধান হাতিয়ার।
তিনি আজ রোববার আরসি মজুমদার আর্টস মিলনায়তনে উচ্চতর মানববিদ্যা গবেষণা কেন্দ্র আয়োজিত ‘নূরুন্নাহার বেগম স্মারক বক্তৃতা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
কেন্দ্রের সভাপতি অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. বেগম আকতার কামাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি বোর্ডের ট্রাস্টি মফিদুল হক ‘কল্পিত জাতীয়তাবাদ, জাতিসত্তা ও মুক্তি চেতনা’ শীর্ষক স্মারক বক্তৃতা প্রদান করেন। কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. কাজল বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠান সঞ্চালন করেন।
উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, সুখী-সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক দেশ গঠনের লক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন কাজ করে গেছেন। তাঁর স্বপ্ন পূরণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে তিনি উল্লেখ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা বলা হয়।

Be the first to comment on "অসাম্প্রদায়িক চেতনাই মানব মুক্তির প্রধান হাতিয়ার : ঢাবি উপাচার্য"