নিউজ ডেস্ক : নাটোর সদর উপজেলার চাঁদপুর গ্রাম থেকে ফজলুর রহমান (২২) নামে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেমবি’র এক সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৪টি পিস্তল, ৬টি ম্যাগজিন, ১৭ রাউন্ড গুলি, ২টি চাপাতি, একটি ছুরি ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ফজলুর রহমান উপজেলার চাঁদপুর (পাবনাপাড়া) গ্রামের আবু তালেবের ছেলে।
নাটোরের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার ও বগুড়ার পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন নাটোরের চাঁদপুর গ্রামে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র আস্তানা গড়ে তুলে সেখানে বিপুল পরিমাণ বোমা ও গোলাবারুদ মজুদ করা হয়েছে।
উদ্ধার হওয়া অস্ত্র, গুলিসহ সরঞ্জামপ্রাপ্ত তথ্যের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে ওই গ্রামে অভিযান শুরু করে নাটোর ও বগুড়া জেলা পুলিশের যৌথ দল। রাত সাড়ে ১১টার সময় ফজলুর রহমানের বাড়িতে জেএমবি’র আস্তানার সন্ধান পান তারা। এরপর সেখান থেকে তাকে আটক করা হয়।
রাজশাহী রেঞ্জের ডিআইজি খুরশিদ হোসেন, বগুড়ার পুলিশ সুপার আসাদুজ্জামান, নাটোরের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল আলম, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডলসহ অন্য পুলিশ কর্মকর্তারা এই অভিযানে অংশ নেন।

Be the first to comment on "অস্ত্র, গুলিসহ জেএমবি সদস্য আটক"