নিউজ ডেস্ক : সন্ত্রাসবাদ ইস্যুতে বিশ্বের কাছে মুখ পুড়েছে পাকিস্তানের ৷ এই পরিস্থিতিতে চাপের মুখে পড়ে দেশে সন্ত্রাসবাদীদের বাড়বাড়ন্ত কি ভাবে ঠেকানো যায় তা নিয়ে মঙ্গলবার সকালে বৈঠকে বসলেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ৷ বৈঠকে উপস্থিত পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নাসির জানজুয়া সহ একাধিক সেনা আধিকারিক৷ রয়েছেন, নওয়াজ মন্ত্রিসভার একাধিক সদস্য৷
পাক সংবাদ মাধ্যম সূত্রের খবর, বৈঠকে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান বা ন্যাপের কর্তাদের সন্ত্রাসবাদ দমনের পাঠ শেখাবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নাসির জানজুয়া ৷ পাশাপাশি ভারত-পাক সীমান্তের বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা হবে বৈঠকে৷ ন্যাপের প্রথম সারির কর্তাদের পাশাপাশি এদিনের বৈঠকে উপস্থিত সন্ত্রাসবাদ দমনের বিশেষ আধিকারিক জেনারেল তারিক কুদ্দুস৷
উল্লেখ্য, ভারত-পাক বর্তমান পরিস্থিতি নিয়ে গতকালও সর্বদলীয় বৈঠকে বসেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ৷ সূত্রের খবর, ভারতের ‘সার্জিক্যাল স্ট্রাইক’ কি ভাবে মোকাবিলা করা যায় তা নিয়েই কথা হয় বৈঠকে৷ তবে সেই বৈঠকে উপস্থিত ছিলেন না তেহেরিক-ই-ইনসাফের নেতা ইমরান খান৷

Be the first to comment on "আবার সেনা কর্তাদের সঙ্গে বৈঠকে শরীফ"