শিরোনাম

আম্বার গ্রুপের চেয়ারম্যান শওকত আজিজের জামিন বহাল

নিউজ ডেস্ক : রাজউকের প্লট বরাদ্দে অনিয়ম ও প্রভাব খাটানোর অভিযোগে আম্বার গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক শওকত আজিজ রাসেলকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দুদকের করা আবেদন রবিবার (৫ মার্চ) খারিজ করে দিয়েছেন আদালত।
শওকত আজিজের পক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। অপরদিকে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চ শওকত আজিজকে তিনমাসের জামিন দেন। শওকত আজিজ বিএনপির সাবেক সংসদ সদস্য ও পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাশেমের ছেলে।
প্লট বরাদ্দে অনিয়ম ও প্রভাব খাটিয়ে ২০ কাঠা জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে গত ৮ ফেব্রুয়ারি রাতে রাজধানীর মতিঝিল থানায় মামলাটি করে দুদক। মামলার এজাহারভুক্ত অন্য আসামিরা হলেন- রাসেলের ভাই আশফাক আজিজ রুবেল, রাজউকের সাবেক চার সদস্য (উন্নয়ন) এসডি ফয়েজ, সদস্য (পরিকল্পনা) একেএম ওয়াহেদুল ইসলাম, সদস্য (অর্থ) এসএম জাফরউল্লাহ, সদস্য (প্রশাসন ও ভূমি) এইচ.এম. জহুরুল হক এবং সদস্য (এস্টেট) মো. রেজাউল করিম তরফদার।
মামলায় শওকত আজিজ এবং আশফাক আজিজ রুবেলের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯ ও ১০৯ ধারা এবং রাজউকের সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে ১৯৪৭ সনের ২ নং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলার পরিপ্রেক্ষিতে ৯ ফেব্রুয়ারি ভোর রাতে গুলশানের বাসা থেকে শওকত আজিজকে গ্রেফতার করে দুদকের একটি দল। ৯ ফেব্রুয়ারি তারা নিম্ন আদালতে জামিন আবেদন করলে তা খারিজ হয়। পরে হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন তিনি। সেই আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট তাকে তিন মাসের জামিন দেন।
শওকত আজিজ রাসেল আম্বার গ্রুপের চেয়ারম্যান ছাড়াও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল), পারটেক্স গ্রুপের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

basic-bank

Be the first to comment on "আম্বার গ্রুপের চেয়ারম্যান শওকত আজিজের জামিন বহাল"

Leave a comment

Your email address will not be published.


*