শিরোনাম

আল-কায়েদা সংশ্লিষ্ট ইসলামী তাত্ত্বিকদের অ্যাকাউন্ট বন্ধ করল টুইটার

নিউজ ডেস্ক : জর্দানের আবু কাতাদাসহ আল-কায়েদা সংশ্লিষ্ট আরও দুই ইসলামী তাত্ত্বিকের অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে জঙ্গিবাদের সমর্থনে প্রচারণা চালানোর অভিযোগ রয়েছে।

ওই তিন টুইটার অ্যাকাউন্টে কয়েক লাখ অনুসারী বা ফলোয়ার ছিল।
অ্যাকাউন্টগুলো প্রতিদিন বেশ কয়েকবার করে ব্যবহার করা হতো বলে জানিয়েছেন প্রিন্সটন ইউনিভার্সিটির জিহাদিবাদ বিশেষজ্ঞ কোল বুনজেল। এক টুইটার বার্তায় তিনি বলেন, ‘কয়েক বছর সহ্য করার পর অবশেষে টুইটার কর্তৃপক্ষ আল-কায়েদা সংশ্লিষ্ট তিন তাত্ত্বিক নেতা আল-মাকদিসি, আবু কাতাদা ও আল-সিবাই-এর অ্যাকাউন্ট বন্ধ করেছে। ‘

সম্প্রতি ওই অ্যাকাউন্টগুলো থেকে ক্রমাগত সিরিয়া যুদ্ধ নিয়ে পোস্ট দেওয়া হচ্ছিল। ওই পোস্টগুলোতে মূলত মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এর তীব্র সমালোচনা করা হয়। এ ছাড়াও বিভিন্ন ধর্মীয় আইন বিষয়ক মন্তব্য করা হয় অ্যাকাউন্টগুলো থেকে।

সম্প্রতি আইএস সমর্থকদের বিষয়ে কড়া অবস্থান নিয়ে প্রচুর অ্যাকাউন্ট বন্ধ করেছে টুইটার। এর ফলে তারা এখন টেলিগ্রাম নামক অপর একটি ম্যাসেজিং সেবার মাধ্যমে নিজেদের প্রচারণা চালাচ্ছে বলে জানা গেছে।

টুইটার কর্তৃপক্ষ আল-কায়েদা সমর্থকদের বিষয়ে তেমন কড়া অবস্থান নেয়নি বলে অভিযোগ রয়েছে। এ প্রসঙ্গে বুনজেল বলেন, ‘আইএস সমর্থকদের বিরুদ্ধে নেওয়া কড়া অবস্থানের তুলনায় টুইটার যেন আল-কায়েদা সমর্থকদের জন্য এক অনুমতিপ্রাপ্ত ফোরাম। ‘

তিনি আরও বলেন, ‘ওই তিন তাত্ত্বিক নেতার অ্যাকাউন্ট বন্ধ করা হলেও, তাদের লাখ লাখ অনুসারীর অ্যাকাউন্ট এখনও টুইটারে রয়েছে। তারা নিজেদের মধ্যে যোগাযোগ চালিয়ে যাচ্ছে। ‘

উল্লেখ্য, কাতাদা ব্রিটিনে অবস্থানকালে তার বিরুদ্ধে জঙ্গিবাদে মদদ দেওয়ার অভিযোগ আনা হয়। তাকে জর্দানে ফেরত পাঠানো হয়। প্রায় ১০ বছর মামলা চলার পর তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ থেকে তাকে মুক্তি দেওয়া হয়। গত বছর কারাগার থেকে মুক্ত হওয়ার পর থেকে তিনি প্রতিনিয়ত আইএস-এর বিরুদ্ধে সমালোচনামূলক বক্তব্য দিয়ে আসছেন।

মাকদিসি আল-কায়েদা প্রধান আইমান আল-জাওয়াহিরির ঘনিষ্ঠ বন্ধু বলে অভিযোগ রয়েছে। জীবিত জঙ্গিবাদী তাত্ত্বিকদের মধ্যে তাকে অন্যতম বলে মনে করা হয়।

টুইটার কর্তৃপক্ষ ব্যক্তিগত অ্যাকাউন্ট বন্ধের বিষয়ে সরাসরি মন্তব্য করতে রাজি হয়নি। তবে প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেন, ‘জঙ্গিবাদের প্রচারণায় টুইটার ব্যবহারের নিন্দা জানাই আমরা। টুইটার ব্যবহারের নিয়মাবলী অনুযায়ী যেকোনো সহিংস হুমকি, অথবা এমন আচরণ আমাদের সেবায় অনুমোদিত নয়। ২০১৫ সালের মাঝামাঝি থেকে এখন পর্যন্ত হুমকি ও জঙ্গিবাদী প্রচারণার (বিশেষত আইএস সম্পর্কিত) অভিযোগে ৩ লাখ ৬০ হাজারেরও বেশি অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। ‘
সূত্র : দ্য গার্ডিয়ান

basic-bank

Be the first to comment on "আল-কায়েদা সংশ্লিষ্ট ইসলামী তাত্ত্বিকদের অ্যাকাউন্ট বন্ধ করল টুইটার"

Leave a comment

Your email address will not be published.


*