নিউজ ডেস্ক : রাজধানীর দক্ষিণখানে আশকোনার জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে নিহত আফিফ কাদেরী নাবিল ওরফে শহীদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়েছে। রবিবার রাত ১১টা ৫৫ মিনিটে দক্ষিণখান থানার এএসআই ফয়সাল তার লাশ ঢামেকে নিয়ে আসেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবারই তার লাশের ময়নাতদন্ত হবে। এর আগে আশকোনার জঙ্গি আস্তানা থেকে রবিবার রাত পৌনে ১০টায় নিহত জঙ্গি আফিফের লাশ উদ্ধার করা হয়।
জানা গেছে, আফিফ আজিমপুরে জঙ্গি আস্তানায় নিহত জঙ্গি নেতা তানভীর কাদের সিদ্দিকীর ছেলে। সে আগেই জঙ্গি নেতা মইনুল ইসলাম মুসার সঙ্গে হিজরত করেছিল। মুসা নব্য জেএমবির প্রধান না হলেও অন্যতম প্রধান নেতা।
উল্লেখ্য, গত শুক্রবার রাত ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের সিটিটিসি ইউনিট দক্ষিণখান থানার পূর্ব আশকোনার ৫০ নম্বর বাড়িতে অভিযান চালায়। অভিযানে এক নারী ও এক কিশোর জঙ্গি নিহত হয়েছে। পুলিশের আহ্বানে সাড়া দিয়ে আত্মসমর্পণ করেছে দুই নারী ও তাদের দুই সন্তান। নিহত নারী জঙ্গির আত্মঘাতী বোমা বিস্ফোরণে আহত হয় তার শিশুকন্যা। ওই শিশুকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Be the first to comment on "আশকোনায় উদ্ধার জঙ্গির লাশ ঢামেকে, আজই ময়নাতদন্ত"