শিরোনাম

আশুলিয়ার বন্ধ পোশাক কারখানাগুলো খুলেছে আজ

নিউজ ডেস্ক : টানা চার দিন বন্ধ থাকার পর আশুলিয়ার পোশাক কারখানাগুলো আজ সোমবার আবার খুলেছে। শ্রমিকেরা কর্মস্থলে আসছেন।

কাজে যোগ দিচ্ছেন। আশুলিয়ার শিল্পাঞ্চলের পরিবেশ শান্ত ও স্বাভাবিক রয়েছে।
তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ গতকাল রোববার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে আশুলিয়ার বন্ধ কারখানাগুলো খোলার আনুষ্ঠানিক ঘোষণা দেয়। পোশাকশ্রমিকদের আজ (সোমবার) সকাল থেকে কারখানায় যোগ দিতে অনুরোধ করেন বিজিএমইএ সভাপতি মো. সিদ্দিকুর রহমান।
বিজিএমইএর সভাপতি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ, শ্রমিক ভাইবোনদের অনুরোধ ও সার্বিক অর্থনীতির দিক বিবেচনা করে আশুলিয়ার যে ৫৯ কারখানা বন্ধ আছে, সেগুলো সোমবার খুলে দেওয়া হবে।
শ্রমিকদের উদ্দেশে সিদ্দিকুর রহমান বলেন, ‘শিল্পকে ক্ষতিগ্রস্ত করে এ রকম কোনো উসকানিতে প্ররোচিত হবেন না। এ ধরনের কর্মকাণ্ড শিল্পকে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি বিদেশে ভাবমূর্তি ক্ষুণ্ন করে। তাই আপনারা দায়িত্বের সঙ্গে নিজ নিজ কাজ করুন। ’
মজুরি বৃদ্ধি, নানা অজুহাতে ছাঁটাই বন্ধ, দুপুরে খাবারের ভাতা ও রাত্রিকালীন অতিরিক্ত কাজের ভাতা বাড়ানোসহ বিভিন্ন দাবিতে টানা নয় দিন শ্রমিক আন্দোলনের পর গত মঙ্গলবার বিকেলে আশুলিয়ার ৫৫ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বিজিএমইএ। বন্ধ থাকার সময়ে শ্রমিকেরা মজুরি পাবেন না, এমন কথাও বলা হয়। পরদিন সকালে আরও চারটি কারখানা বন্ধ করেন মালিকেরা। শনিবার থেকে বিচ্ছিন্নভাবে কয়েকটি কারখানা চালু হয়।

basic-bank

Be the first to comment on "আশুলিয়ার বন্ধ পোশাক কারখানাগুলো খুলেছে আজ"

Leave a comment

Your email address will not be published.


*